নাঈমের পাশে থাকার আশ্বাস তামিমের

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নাঈমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তামিম লিখেছেন, “নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়।”
তামিমের ভাষ্য অনুযায়ী, রাতে নাঈম তাঁকে ফোন করার পর থেকেই তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, তিনি ও অন্য বোর্ড পরিচালকরা তা করার চেষ্টা করেছেন। সংশ্লিষ্ট জায়গাগুলোতেও কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নাঈম ও তাঁর পরিবারের সঙ্গে বোর্ডের নিবিড় যোগাযোগ থাকার কথাও জানিয়েছেন তামিম। তিনি লিখেছেন, “নাঈম ও তার পরিবারের সঙ্গে নিবিড়ে যোগাযোগ রাখছি।”
এর আগে সকালে এক বিবৃতিতে নাঈমের ঘটনায় গভীর উদ্বেগ জানায় বিসিবি। চট্টগ্রামে শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে নাঈমকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টিকে অগ্রহণযোগ্য ও অনুচিত আচরণ হিসেবে উল্লেখ করে বিসিবি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বিসিবি বিবৃতিতে জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ গভীরভাবে দুঃখজনক। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।
তামিমও নিজের পোস্টে বিসিবির অবস্থানের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকালে বিবৃতি দেওয়া হয়েছে। এরপর আরও যা করণীয় আছে, সব করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
তামিম লিখেছেন, “এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।”
বিসিবিও জানিয়েছে, ঘটনা জানার পর থেকেই নাঈম ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ক্রিকেটার ও তাঁর পরিবারের সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও বোর্ড যোগাযোগ করছে।
নাঈমের অভিযোগ অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় তাঁকে অটোরিকশা থেকে নামানো হয়। এরপর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ করেন এই অফ স্পিনার। পরে তাঁকে খুলশী থানায় নেওয়া হয় বলেও অভিযোগ তাঁর।
এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ তিনজনকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নাঈমের ভাইয়ের করা মামলায় মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
নাঈমের ঘটনাটিকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিসিবির বিবৃতি ও তামিমের প্রতিক্রিয়ায় স্পষ্ট, বিষয়টি বোর্ড গুরুত্বের সঙ্গেই দেখছে।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটির অগ্রগতি বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
