Advertisement

৯১ বলে ২৩৩ রান করলেন ভারতের তারকা ওপেনার

এশিয়া পোস্ট স্পোর্টস
৯১ বলে ২৩৩ রান করলেন ভারতের তারকা ওপেনার
অভিষেক শর্মা। ছবি: এনডিটিভি

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না অভিষেক শর্মার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন মাত্র ১১ রান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না পারলেও পাঞ্জাবের স্থানীয় প্রতিযোগিতায় ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন ভারতীয় ওপেনার। ৯১ বলে খেললেন ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই মারকুটে ব্যাটার।

পাঞ্জাব আন্তজেলা সিনিয়র ওয়ানডে প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে তারন তারানের বিপক্ষে খেলেছেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬ দশমিক ০৪।

বাউন্ডারি থেকেই অভিষেক সংগ্রহ করেন ২১০ রান। ২৫ ছক্কায় আসে ১৫০ এবং ১৫ চারে ৬০ রান। তার ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রান তোলে অমৃতসর।

অভিষেকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩০৫ রান যোগ করেন অভয় চৌধুরী। অভিষেকের ঝড়ের অন্য প্রান্তে থাকা অভয় ৮৫ বলে করেন ৯৩ রান। পরের দিকে অভিনব শর্মা ৩৩ বলে ৫১ রান যোগ করেন।

৫৩৪ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে ৩১৩ রানে থামে তারন তারান। অমৃতসর জয় পায় ২২০ রানের বড় ব্যবধানে। তারন তারানের অর্শদীপ সিং ১০৮ এবং মনপ্রীত সিং সান্ধু ৬২ রান করেন।

ব্যাটিংয়ের পর বল হাতেও অবদান রাখেন অভিষেক। বাঁহাতি স্পিনে ৯ ওভারে ৭১ রান দিয়ে নেন দুটি উইকেট। এর মধ্যে সেঞ্চুরি করা অর্শদীপের উইকেটটিও ছিল তার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে যথাক্রমে ১, ৮ ও ২ রান করেছিলেন অভিষেক। প্রতিবারই তাকে আউট করেন ব্লেসিং মুজারাবানি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই বড় ইনিংস পেলেন ভারতীয় ব্যাটার।

তবে আন্তজেলা পর্যায়ের ম্যাচ হওয়ায় এই ২৩৩ রান অভিষেকের স্বীকৃত লিস্ট ‘এ’ পরিসংখ্যানে যোগ হবে না।