বাংলাদেশ সিরিজের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ

টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করার পর এবার সাদা বলের ক্রিকেটে আধিপত্য ধরে রাখার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। চোটের কারণে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজি। টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না আরেক পেসার কোয়েনা মাফাকাও। তাদের পরিবর্তে দুই সংস্করণের দলে তিন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে দুই পেসারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে লায়ন্সের হয়ে খেলতে গিয়ে ঊরুর ভেতরের দিকের পেশিতে চোট পেয়েছেন কোয়েটজি।
অন্যদিকে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে ছিলেন মাফাকা। তবে অনুশীলনের সময় আবারও সমস্যায় পড়েন তরুণ এই পেসার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের একদিনের সিরিজেও খেলতে পারবেন না তিনি।
কোয়েটজির পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তিয়ান ফন ভুরেন। অন্যদিকে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ইথান বশ ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে বাসন।
চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন বাসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভারে চার বলের ব্যবধানে তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তরুণ এই পেসার। ওই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার সিনিয়র জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন বাসন।
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে এমনিতেই বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই তালিকায় রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও এইডেন মার্করামের মতো তারকারা। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের ওপর চাপ কমানোর পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বিকল্প ক্রিকেটারদের পরখ করে নিতে চান প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাড।
তবে ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন নরকিয়া।
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন বিয়র্ন ফরটুইন।
আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে (বর্তমান নাম কুগোম্পো সিটি) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।



