logo

নেইমারের জন্য সময়সীমা বেঁধে দিল ব্রাজিল

নেইমারের জন্য সময়সীমা বেঁধে দিল ব্রাজিল
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

নেইমারকে নিয়ে আর কোনো বিশেষ ছাড় দিতে চায় না ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সান্তোসে যেমন তাকে সময় ও সুবিধা দিয়ে ধীরে ধীরে ফেরানোর সুযোগ ছিল, জাতীয় দলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার জন্য সে পথ বন্ধ। বিশ্বকাপের আগে দলের ভারসাম্য, অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও প্রস্তুতিকে ব্যক্তিগত বিবেচনার ওপরে রাখছে সিবিএফ।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে অবশ্য এখনই বাদ দেওয়া হচ্ছে না। তাকে সেরে ওঠার সময় দেওয়া হবে। তবে সেই সময়েরও শেষ সীমা ঠিক করে দেওয়া হয়েছে ১২ জুন। ওই দিন নেইমারের চূড়ান্ত মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষায় ফিট প্রমাণিত হলে তিনি বিশ্বকাপ দলে থাকবেন। না হলে স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

নেইমারের জায়গায় সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছেন জোয়াও পেদ্রো, যিনি কার্লো আনচেলত্তির ঘোষিত মূল তালিকায় ছিলেন না। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল নিজেদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে, তবে সেটি হতে হবে নিশ্চিত ও যথাযথভাবে প্রমাণিত চোটের ক্ষেত্রে। আউটফিল্ড খেলোয়াড় বদলাতে হলে বিকল্প ফুটবলারকে প্রাথমিক তালিকায় থাকতে হবে। গোলরক্ষকের ক্ষেত্রে অবশ্য চোটজনিত বদলির সময়সীমা আরও নমনীয়।

ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। তার আগের দিনই তাই নেইমারের ভাগ্য নির্ধারণের দিন হয়ে উঠতে পারে।

নেইমারের চোট নিয়ে সিবিএফের ভেতরে অস্বস্তিও তৈরি হয়েছে। সান্তোসের দেওয়া প্রাথমিক তথ্য এবং সিবিএফের মেডিকেল পরীক্ষার ফলের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। সান্তোসের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, নেইমারের সমস্যা মূলত ফোলা এবং তিনি জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরুর মতো অবস্থায় থাকবেন।

কিন্তু সিবিএফের পরীক্ষায় ধরা পড়ে, বিষয়টি শুধু ফোলা নয়। নেইমারের কাফে গ্রেড টু ইনজুরি আছে, অর্থাৎ পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার চোট। এমন অবস্থায় তাঁর প্রস্তুতি ম্যাচে খেলা সম্ভব নয় এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে সান্তোস এক বিবৃতিতে বিষয়টিকে যোগাযোগগত ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেছে। ক্লাবটির দাবি, নেইমারকে ডাকার আগেই তাঁর সব মেডিকেল রিপোর্ট সিবিএফের সঙ্গে ভাগ করা হয়েছিল।

তবে ব্রাজিল শিবিরের বার্তা পরিষ্কার। নাম যত বড়ই হোক, আনচেলত্তির দলে জায়গা পেতে হলে নেইমারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশ্বকাপের আগে আবেগ নয়, মাঠে নামার মতো বাস্তব প্রস্তুতিকেই অগ্রাধিকার দিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।