logo

মরক্কোর বিপক্ষে নেইমারকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় ব্রাজিল

মরক্কোর বিপক্ষে নেইমারকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় ব্রাজিল
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। কাফ ইনজুরির কারণে আসন্ন দুই প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। শুধু তাই নয়, ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এমআরআই পরীক্ষায় নেইমারের ডান পায়ের কাফে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে। এটি শুধু ফোলা নয়, পেশির আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার চোট। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে নেইমারের আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

নেইমার মঙ্গলবার ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিলেও বুধবার প্রথম অনুশীলনে অংশ নেননি। ডান পায়ের কাফে অস্বস্তির কথা জানানোর পর তাঁকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে পাঠানো হয়। পরীক্ষার ফলেই চোটের মাত্রা পরিষ্কার হয়।

এর আগে সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছিল, নেইমারের সমস্যা কেবল ফোলা এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করার মতো অবস্থায় থাকবেন তিনি। তবে সিবিএফের পরীক্ষায় ভিন্ন চিত্রই সামনে এসেছে।

এ কারণে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার থাকছেন না। এরপর ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষেও খেলা হচ্ছে না তাঁর। সময়ের হিসাবে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর মাঠে নামাও প্রায় অনিশ্চিত।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে খেলেননি। কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার স্কোয়াডে ফেরায় তাঁকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে ইতালিয়ান কোচ আগেই জানিয়ে রেখেছিলেন, নাম নয়, ফিটনেস ও ফর্মই হবে নেইমারের জায়গা পাওয়ার প্রধান শর্ত।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমারের চোট তাই শুধু প্রস্তুতি ম্যাচ নয়, বিশ্বকাপের শুরু নিয়েও আনচেলত্তির পরিকল্পনায় বড় অনিশ্চয়তা তৈরি করল।