আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখতে গিয়ে তোপের মুখে দর্শক

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকোজুড়ে ছিল উৎসবের আবহ। এস্তাদিও আসতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেই গুয়াদালাহারার এক ফ্যান ফেস্টে ঘটল ভিন্ন এক ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরা এক সমর্থক ফ্যান ফেস্টের ভিড়ের পাশ দিয়ে হাঁটছিলেন। তার সঙ্গে ছিলেন আরেকজন। সেই সময় স্থানীয় মেক্সিকান সমর্থকদের একটি দল তাকে লক্ষ্য করে চিৎকার ও কটূক্তি করতে শুরু করে।
আর্জেন্টিনা সমর্থককে ঘিরে চিৎকারের পাশাপাশি মেক্সিকান ফুটবল সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে বিতর্কিত সমকামীবিদ্বেষী স্লোগানও শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওর বর্ণনায় দাবি করা হয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও তা হাতাহাতি বা বড় কোনো বিশৃঙ্খলায় রূপ নেয়নি।
A huge crowd of Mexican supporters boo an Argentine fan passing by.
— MC (@CrewsMat10) June 11, 2026
Yeah, this is proof that the World Cup is truly back 😭pic.twitter.com/DqNKkcusQu
কটূক্তির জবাবে আর্জেন্টিনা সমর্থক উত্তেজিত প্রতিক্রিয়া দেখাননি। বরং কিছু অঙ্গভঙ্গির পর তিনি নিজের মোবাইল ফোন বের করে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। পরে হাসিমুখেই মেক্সিকান সমর্থকদের সঙ্গে সুর মেলাতে দেখা যায় তাকে। এতে পরিস্থিতি অনেকটাই হালকা হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে বিশ্বকাপের সাধারণ সমর্থক-ঠাট্টা হিসেবে দেখছেন, আবার কেউ সমকামীবিদ্বেষী স্লোগানের ব্যবহার নিয়ে সমালোচনা করছেন।
মেক্সিকান ফুটবলে এই স্লোগান নিয়ে বিতর্ক নতুন নয়। প্রতিপক্ষ গোলরক্ষক গোলকিক নিতে গেলে এমন স্লোগান বহুবার শোনা গেছে। ফিফা ও আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ বিষয়টিকে বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখেছে। মেক্সিকান ফুটবল ফেডারেশনও বহু বছর ধরে এই স্লোগান বন্ধের চেষ্টা চালিয়ে আসছে।
মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতাও নতুন নয়। ক্লাব ফুটবল, জাতীয় দল, বিশ্বকাপ—সব জায়গাতেই দুই দেশের সমর্থকদের মধ্যে আবেগের তীব্রতা দেখা যায়। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় তাদের জার্সি অনেক ভেন্যুতেই আলাদা নজর কাড়ছে।
গুয়াদালাহারা এবারের বিশ্বকাপের অন্যতম ভেন্যু। এখানে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজন শুরু হয়েছে। এরপর মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া-ডিআর কঙ্গো এবং উরুগুয়ে-স্পেন ম্যাচও হবে এই শহরে।
.png)

