কুনিয়ার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল

হাইতির জমাট রক্ষণ ভাঙার পর ব্যবধানও বাড়াল ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’ ম্যাচে স্বস্তির অবস্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম গোলটি আসে ব্রাজিলের চাপের ধারাবাহিকতায়। মাঝমাঠে বল কেড়ে আক্রমণ শুরু করেন কুনিয়া নিজেই। এরপর বল দেন ব্রুনো গিমারায়েসকে। ব্রুনো বক্সে খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়রকে। বাঁ দিক থেকে বক্সে ঢুকে শট নেন ব্রাজিলের ৭ নম্বর। হাইতি গোলরক্ষক জনি প্লাসিদ প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন।
কিন্তু সেখানেই বিপদ কাটেনি হাইতির। ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে হানেস দেলক্রোয়ার শট লাগে কুনিয়ার গায়ে। দিক বদলে বল চলে যায় জালে। কিছুটা অদ্ভুত হলেও পরিশ্রমী আক্রমণের পুরস্কার পায় ব্রাজিল।
এরপর আবারও সামনে আসেন কুনিয়া। এবার গোলটি নিছক ভাগ্যের নয়, ছিল নিখুঁত ফিনিশিংয়ের। হাইতির জোসুয়ে কাসিমিরের কাছ থেকে বল কেড়ে নেন লুকাস পাকেতা। সেখান থেকে বল যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ভিনি দারুণ থ্রু পাসে খুঁজে নেন কুনিয়াকে।
বল পেয়ে আর ভুল করেননি ব্রাজিলের ফরোয়ার্ড। বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি। প্রথম গোলের পর দ্বিতীয় গোলেও আক্রমণের কেন্দ্রে থেকে ব্রাজিলকে এগিয়ে দেন কুনিয়া।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর হাইতির বিপক্ষে জয়ের চাপ নিয়েই মাঠে নামে ব্রাজিল। সেই ম্যাচের পর আক্রমণে পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। ইগর থিয়াগোর জায়গায় শুরু করেন কুনিয়া। কোচের সেই সিদ্ধান্তই এখন পর্যন্ত ম্যাচের বড় পার্থক্য হয়ে উঠেছে।
নেইমার চোটের কারণে এই ম্যাচেও নেই। তাই আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও কুনিয়ার ওপরই দায়িত্ব রেখেছেন আনচেলত্তি। শুরুতে হাইতির রক্ষণ ব্রাজিলকে কিছুটা আটকে রাখলেও কুনিয়ার দুই গোল ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে সেলেসাওদের হাতে।
মরক্কো ম্যাচের হতাশা কাটিয়ে প্রথম জয় তুলে নিতে এখন লিড ধরে রেখে ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য ব্রাজিলের।



