বিশ্বকাপের আগে নেইমারের পায়ে চোট, বড় শঙ্কা দেখছে না সান্তোস

বিশ্বকাপের আগে নেইমারকে ঘিরে ব্রাজিলের উদ্বেগ যেন শেষই হচ্ছে না। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে ফেরার পর এবার কাফ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তবে সান্তোসের চিকিৎসক দল আপাতত বড় শঙ্কা দেখছে না। তাদের আশা, আগামী সপ্তাহেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই গ্লোবোকে জানিয়েছেন, নেইমারের কাফে ছোট ধরনের চোট ও ‘ওডিমা’ ধরা পড়েছে। তবে ক্লাবের পরিকল্পনা অনুযায়ী তার উন্নতি হলে আগামী সপ্তাহে ব্রাজিল দলের সঙ্গে যোগ দিতে সমস্যা হওয়ার কথা নয়।
গত সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ চোটজর্জর সময় কাটিয়ে জাতীয় দলে তার ফেরা নিয়েই ব্রাজিলে বড় আলোচনা ছিল। আনচেলত্তি আগেই বলেছিলেন, আবেগ নয়, নেইমারের ফিটনেস ও ফর্ম বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। আল হিলালে তার সময়টা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। পরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরোনো ছন্দে দেখা যায়নি তাকে। বুধবার কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে সান্তোসের ২-২ ড্র ম্যাচেও খেলেননি তিনি।
ব্রাজিল বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে ৩১ মে পানামা এবং পরে মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
