বিশ্বকাপের আগে টরন্টোতে ৩২ কোটি টাকার নকল ফুটবলসামগ্রী জব্দ

বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও আগে কানাডার টরন্টোতে নকল ফুটবলসামগ্রীর বড় চালান জব্দ করেছে পুলিশ। টরন্টো পুলিশের দাবি, কানাডার ইতিহাসে নকল ফুটবল জার্সি জব্দের এটিই সবচেয়ে বড় ঘটনা।
মিসিসাগার একটি গুদাম থেকে ৩৫ লাখ ৬৪ হাজার কানাডিয়ান ডলার মূল্যের নকল পণ্য উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। জব্দ করা সামগ্রীর মধ্যে ছিল ১৬ হাজারের বেশি নকল জার্সি ও পতাকা। এসব পণ্যে ফিফা, নাইকি, অ্যাডিডাস ও পুমার ভুয়া ব্র্যান্ডিং ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া দুটি নকল বিশ্বকাপ ট্রফিও উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগও গঠন করেছে টরন্টো পুলিশ।
টরন্টো এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর। শহরটিতে ছয়টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচও আছে। বিশ্বকাপ ঘিরে টরন্টোতে তিন লাখের বেশি দর্শনার্থী আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মে মাসে টরন্টো পুলিশ সার্ভিসের ফিফা প্ল্যানিং টিম ইনভেস্টিগেটিভ ইউনিটে একটি অভিযোগ আসে। সেখানে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন খুচরা দোকানে নকল পণ্য সরবরাহ করছিলেন এবং ভুয়া ফুটবলসামগ্রীর পরিবেশক হিসেবে কাজ করছিলেন।
বিশ্বকাপের মতো বড় আসর সামনে রেখে নকল জার্সি, পতাকা ও স্মারকপণ্যের বাজার দ্রুত বাড়ে। আয়োজক শহরগুলোতে পর্যটক ও সমর্থকদের ভিড়ের সুযোগ নিয়ে এসব পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে জালিয়াত চক্র।
সূত্র: রয়টার্স
