জিদানের ভুলে মেসির দ্বিতীয় গোল, স্বস্তিতে আর্জেন্টিনা

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল পেয়ে গেলেন লিওনেল মেসি। গ্রুপ ‘জে’র ম্যাচে ৬০ মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক। তাঁর দ্বিতীয় গোলে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
গোলটির পেছনে বড় দায় আলজেরিয়া গোলরক্ষক জিদানের। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে সেটি ঠিকমতো ধরতে পারেননি তিনি। তাঁর হাত ফসকে বল সামনে পড়ে গেলে সঠিক জায়গায় থাকা মেসি সুযোগ হাতছাড়া করেননি। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথমার্ধে ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেছিলেন মেসি। এর আগে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়েছিল। দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে আবারও স্কোরশিটে নাম তুলে ম্যাচে আর্জেন্টিনার নিয়ন্ত্রণ আরও শক্ত করলেন তিনি।
এই গোলে শুধু আর্জেন্টিনার জয়ই অনেকটা কাছে চলে এল না, মেসির রেকর্ডসমৃদ্ধ রাতও আরও উজ্জ্বল হলো। ২০০তম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে আবারও বড় মঞ্চে নিজের আলাদা উপস্থিতির কথা মনে করিয়ে দিলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।



