logo

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি
লিয়ান্দ্রো পারদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে দলের তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডারের মাংসপেশি ছিঁড়েনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ও অস্বস্তি থাকলেও চোট গুরুতর নয়। তাই বিশ্বকাপ মিস করার শঙ্কা নেই তার।

কয়েক দিন আগে পারেদেসের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার খবর আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছিল। তবে নতুন তথ্য অনুযায়ী, সেটি টিয়ার নয়, বরং মাংসপেশির স্ট্রেইন। অস্বস্তি থাকলেও বিশ্বকাপের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

কোপা লিবার্তাদোরেসে উনিভেরসিদাদ কাতোলিকার বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচে পারেদেসের শারীরিক সমস্যা চোখে পড়েছিল। সেই ম্যাচে বোকা হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ম্যাচে পারেদেস পুরোপুরি স্বচ্ছন্দে ছিলেন না, কারণ পুরো সপ্তাহ ধরেই হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে খেলছিলেন তিনি।

ম্যাচ শেষে পারেদেস নিজেই জানান, হ্যামস্ট্রিংয়ে টান ছিল। তবে ম্যাচটির গুরুত্বের কারণে তিনি বাইরে থাকতে চাননি। কোচ তাকে সতর্ক থাকতে বলেছিলেন, কিন্তু এমন ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল।

পারেদেস রোববার কানসাসে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোমবার থেকে বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলন শুরু হওয়ার কথা। প্রথম অনুশীলনে তিনি পুরোপুরি ফিট অবস্থায় না থাকলেও আর্জেন্টিনা শিবির মনে করছে, তার বিশ্বকাপ প্রস্তুতি বড় ঝুঁকির মুখে নয়।

আর্জেন্টিনা বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। পারেদেস এই দুই ম্যাচের যে কোনো একটিতে কিছু সময় খেলতে পারেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। নতুন তথ্য অনুযায়ী, সেই ম্যাচে পারেদেসকে পাওয়া নিয়ে বড় শঙ্কা নেই। তবে তিনি একাদশে থাকবেন কি না, সেটি আলাদা প্রশ্ন।

স্কালোনির মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কম্বিনেশনই বেশি সম্ভাব্য। তাই পারেদেস ফিট থাকলেও তাকে হয়তো শুরু থেকেই মাঠে দেখা নাও যেতে পারে। তবে অভিজ্ঞ বিকল্প হিসেবে তার উপস্থিতি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে আলোচনা চলছে। সেই তালিকায় পারেদেসের নাম যোগ হওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার শঙ্কা দূর হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে স্কালোনির দলে।

চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে কানসাসে প্রস্তুতি শুরু করছে আর্জেন্টিনা। সেই মিশনে পারেদেসকে পাওয়া যাবে, আপাতত এটিই আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর।