চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকাদের নাম ছিল প্রত্যাশিতই। ইংল্যান্ডের বিশ্বকাপ দল নিয়ে আসল আলোচনা শুরু হলো অন্য জায়গা থেকে, কে ফিরলেন আর কারা বাদ পড়লেন। থমাস টুখেলের ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছে বেশ কয়েকটি চমক। আর সবচেয়ে আলোচিত বাদ পড়াদের তালিকায় ফিল ফোডেন, কোল পালমার ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
২০২৬ বিশ্বকাপের জন্য শুক্রবার (২২ মে) ইংল্যান্ড দল ঘোষণা করেছেন কোচ থমাস টুখেল। আল আহলির স্ট্রাইকার ইভান টনি প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন। সৌদি আরবে দারুণ ছন্দে থাকা ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড আল আহলির হয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেছেন। সেই ফর্মই তাকে বিশ্বকাপের বিমানে তুলে দিয়েছে।
টনির ফেরা যতটা চমক, ফোডেন ও পালমারের বাদ পড়াও ততটাই আলোচনার। ম্যানচেস্টার সিটির ফোডেন এবং চেলসির পালমার, দুজনই নিজেদের দিনে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তবে সাম্প্রতিক মৌসুম তাদের কারও জন্যই খুব স্মরণীয় ছিল না। সেই জায়গায় টুখেল আস্থা রেখেছেন ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, মার্কাস রাশফোর্ড, অলিভার ওয়াটকিন্স ও টনির ওপর।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বাদ পড়াও বড় খবর, যদিও টুখেলের অধীনে তাকে একবারও ডাকা হয়নি। তাই বিশ্বকাপ দলে তার না থাকা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। হ্যারি ম্যাগুয়ারও জায়গা পাননি। বাদ পড়ার পর ম্যাগুয়ার নিজেই হতাশার কথা জানিয়েছেন।
চোটের কারণে জায়গা হয়নি আর্সেনালের বেন হোয়াইটের। ১০ মে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়াই তার বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছে। টটেনহামের ডমিনিক সোলাঙ্কের ক্ষেত্রেও চোট ও সাম্প্রতিক পারফরম্যান্স বাধা হয়েছে।
England's squad for the 2026 World Cup... thoughts?
— The Athletic | Football (@TheAthleticFC) May 22, 2026
🔗 https://t.co/dO4KQs6R9m pic.twitter.com/gg0vqf8xBK
স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনু। মধ্যমাঠে ডেকলান রাইস, জুড বেলিংহাম, ইলিয়ট অ্যান্ডারসন, এবোরেচি এজে ও জর্ডান হেন্ডারসনের সঙ্গে থাকছেন তিনি। আক্রমণে কেইনের সঙ্গে থাকবেন সাকা, রাশফোর্ড, মাদুয়েকে, গর্ডন, ওয়াটকিন্স ও টনি।
ইংল্যান্ড ১ জুন যুক্তরাষ্ট্রে যাবে। ফ্লোরিডায় গরম ও আর্দ্রতার মধ্যে প্রস্তুতি ক্যাম্প করবে টুখেলের দল। বিশ্বকাপের আগে ৬ জুন টাম্পায় নিউজিল্যান্ড এবং ১০ জুন অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর তারা যাবে কানসাস সিটিতে, যেখানে থাকবে মূল বেস ক্যাম্প।
বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে টুখেলের দল।
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরেছিল ইংল্যান্ড। ২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারতে হয় তাদের। এবার টুখেলের সামনে চ্যালেঞ্জ, প্রতিভায় ভরা দলটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সবচেয়ে বড় প্রশ্নও সেখানেই, কেইনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বেলিংহাম-সাকা-রাশফোর্ড-টনিদের নিয়ে আক্রমণভাগ কতটা কার্যকর করতে পারবেন ইংল্যান্ড কোচ।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার:
ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার:
ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, নিকো ও’রাইলি, জারেল কোয়ানসাহ, জেড স্পেন্স, জন স্টোনস।
মিডফিল্ডার:
ইলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, এবোরেচি এজে, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, ডেকলান রাইস, মরগান রজার্স।
ফরোয়ার্ড:
অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি, অলিভার ওয়াটকিন্স।
