logo

রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ দল, বার্সেলোনার দাপট

রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ দল, বার্সেলোনার দাপট
স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছে স্পেন। তবে লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত ২৬ সদস্যের দলে সবচেয়ে বড় আলোচনার জায়গা একটি অনুপস্থিতি। দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। বিপরীতে বার্সেলোনা থেকেই জায়গা পেয়েছেন আটজন।

১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই যাচ্ছে স্পেন। ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির ডানি কারভাহাল ও ডিন হুইসেনের মতো ফুটবলাররাও শেষ পর্যন্ত জায়গা পাননি দলে।

তবে বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতে চান না স্পেন কোচ দে লা ফুয়েন্তে। তার মতে, জাতীয় দলে ক্লাব পরিচয় নয়, খেলোয়াড়ের যোগ্যতাই মুখ্য।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, ‘আমি কোচ। খেলোয়াড়রা কোন ক্লাব থেকে এসেছে, সেটা দেখি না। তারা জাতীয় দলের ফুটবলার। কোনো ক্লাব নিয়ে সমর্থকদের মতো আমার পক্ষপাত নেই। আমি শুধু চাই, তারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে গর্ব অনুভব করুক।’

বার্সেলোনা থেকে স্প্যানিশ দলে ডাক পেয়েছেন জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, গাভি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৭ ফুটবলারও আছেন দে লা ফুয়েন্তের দলে।

আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া এবং দুই মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি ও মিকেল মেরিনো। মাঝমাঠে ম্যানচেস্টার সিটির রদ্রি থাকায় স্পেনের শক্তি আরও বেড়েছে।

চোট নিয়ে কিছুটা শঙ্কা আছে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে ঘিরে। দুজনই হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। তবে স্পেন কোচ আশাবাদী, বিশ্বকাপের শুরু থেকেই তাদের পাওয়া যাবে।

দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা খুবই শান্ত আছি। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাওয়া যাবে। ক্লাবগুলোর মেডিকেল টিমের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে।’

২০২৪ সালে জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা স্পেন এবার বিশ্বকাপে যাচ্ছে অন্যতম ফেবারিট হিসেবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল তারা। এবার দে লা ফুয়েন্তের দল লক্ষ্য রাখছে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপায়।

স্পেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: পেদ্রো পোরো, মার্কোস ইয়োরেন্তে, পাউ কুবারসি, মার্ক পাবিল, আয়মেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, আলেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া।

মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, গাভি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, আলেক্স বায়েনা।

ফরোয়ার্ড: দানি ওলমো, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, নিকো উইলিয়ামস, ভিক্টর মুনিয়োজ, মিকেল ওয়ারসাবাল, বোর্হা ইগলেসিয়াস।