logo

বিশ্বকাপ দেখার দুশ্চিন্তা কাটল বাংলাদেশি দর্শকদের

বিশ্বকাপ দেখার দুশ্চিন্তা কাটল বাংলাদেশি দর্শকদের
ছবি: সংগৃহীত

চার বছরের অপেক্ষার পর আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাঠে বসে খেলা দেখার সুযোগ সবার হয় না, তাই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে টিভি পর্দা কিংবা মোবাইল স্ক্রিনে। ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে এতদিন কিছুটা অনিশ্চয়তা থাকলেও এবার ডিজিটাল দর্শকদের জন্য এসেছে বড় সুখবর।

বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম টফির মাধ্যমে দেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন বিশ্বকাপের ম্যাচগুলো। ফলে ঘরে, বাইরে কিংবা যাত্রাপথে মোবাইল ডিভাইস থেকেই বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানায় বাংলালিংক। পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বাংলালিংক ব্যবহারকারীরা টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। তবে সে জন্য নির্দিষ্ট প্যাকেজ কিনতে হবে গ্রাহকদের।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেছেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার ফলে বাংলাদেশের কোটি ফুটবলভক্ত যেকোনো জায়গা থেকে মানসম্মত স্ট্রিমিংয়ে খেলা দেখার সুযোগ পাবেন। বাংলালিংকের নেটওয়ার্ক সক্ষমতা ও টফির প্রযুক্তি দর্শকদের ভালো অভিজ্ঞতা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডিজিটাল সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত হলেও টেলিভিশন সম্প্রচার নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ফলে যারা টিভি পর্দায় বিশ্বকাপ দেখতে চান, তাদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এবারের আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। নতুন ফরম্যাটের এই আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহও তাই আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।