logo
Advertisement

সেমিফাইনালে এমবাপ্পেকে পাওয়া নিয়ে যা জানা গেল

এশিয়া পোস্ট স্পোর্টস
সেমিফাইনালে এমবাপ্পেকে পাওয়া নিয়ে যা জানা গেল
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

মরক্কোকে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে জয়ের আনন্দের মধ্যেও কিলিয়ান এমবাপ্পের চোট কিছু সময়ের জন্য দুশ্চিন্তায় ফেলেছিল ফরাসি সমর্থকদের। শেষ পর্যন্ত নিজের শারীরিক অবস্থার খবর দিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফ্রান্স অধিনায়ক।

Advertisement

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলের জয়ের ৭৮ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। এর আগে মরক্কোর ডিফেন্ডার ইসা দিয়োপের চ্যালেঞ্জে তার গোড়ালিতে আঘাত লাগে। ব্যথায় মাঠে পড়ে যাওয়ার পর চিকিৎসাও নিতে হয় তাকে। পরে জঁ-ফিলিপ মাতেতার সঙ্গে বদলি হয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা।

বদলি বেঞ্চে বসে এমবাপ্পের গোড়ালিতে বরফ লাগানো হয়। সেই দৃশ্য দেখেই সেমিফাইনালে তার খেলা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে ম্যাচ শেষে সমর্থকদের আশ্বস্ত করেছেন বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা।

নিজের চোট নিয়ে এমবাপ্পে বলেন, ‘গোড়ালিতে একটু আঘাত লেগেছে, তবে আমি পুরোপুরি ঠিক আছি। ওই সময়ে শেষ কয়েক মিনিট খেলতে আমার চেয়ে জেপি মাতেতা ভালো অবস্থায় ছিল। এ কারণেই আমি উঠে যাই।’

ফরাসি শিবির থেকেও জানানো হয়েছে, এমবাপ্পের গোড়ালির অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সতর্কতার অংশ হিসেবেই তাকে তুলে নিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থ ও সমর্থকদের সঙ্গে স্বাভাবিকভাবেই জয় উদ্‌যাপন করতে দেখা গেছে তাকে।

মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন এমবাপ্পে। তবে বিরতির পর দারুণ এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন আটটি। গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। তিন বিশ্বকাপ মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে, মেসির চেয়ে মাত্র একটি কম।

সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে এমবাপ্পের হাতে সুস্থ হয়ে ওঠার জন্য পাঁচ দিনের সময়ও রয়েছে।