logo

রোনালদোদের জন্য রাখা মাঠে অনুশীলন করতে পারছে না ইংল্যান্ড

রোনালদোদের জন্য রাখা মাঠে অনুশীলন করতে পারছে না ইংল্যান্ড
ইংল্যান্ড কোচ থমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তবে থমাস টুখেলের দল চাইলেও পাম বিচ গার্ডেন্সে নির্ধারিত অনুশীলন পিচগুলো ব্যবহার করতে পারছে না। এর পিছনে কারণ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দল। অবশ্য এর পেছনে রয়েছে ফিফার একটি বিশেষ নিয়ম, যার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোদের জন্য বরাদ্দ রাখা মাঠে অনুশীলন করার অনুমতি পাচ্ছে না হ্যারি কেইনরা।

ইংল্যান্ড দল এখন অনুশীলন করছে গার্ডেনস নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে। ৮২ একর জায়গাজুড়ে থাকা এই কমপ্লেক্সে ফিফা মানের ১০টি পিচ রয়েছে। বিশ্বকাপের সময় এখানেই ক্যাম্প করবে পর্তুগাল। গত বছরের ক্লাব বিশ্বকাপের সময় রিয়াল মাদ্রিদও এই ভেন্যু ব্যবহার করেছিল।

তবে একই কমপ্লেক্সে থাকলেও ইংল্যান্ডকে ব্যবহার করতে হচ্ছে আলাদা পিচ। পর্তুগালের জন্য বুক করা মাঠগুলোতে নামতে পারছে না তারা। ফিফার ‘পিচ প্রটেকশন পিরিয়ড’ বা পিচ সুরক্ষা নিয়ম অনুযায়ী, কোনো দল নির্দিষ্ট অনুশীলন সুবিধা ব্যবহারের আগের ২৮ দিন সেই পিচ অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

পর্তুগাল যেহেতু নির্ধারিত সময়ের মধ্যেই ওই ভেন্যুতে পৌঁছাবে, তাই রোনালদোদের জন্য রাখা পিচগুলো আগেভাগে সুরক্ষিত রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই পর্তুগাল চাইবে না তাদের আসার আগে পিচের অবস্থা ক্ষতিগ্রস্ত হোক। ফলে ইংল্যান্ডকে একই স্থাপনার ভেতরে হলেও ভিন্ন পিচে প্রস্তুতি নিতে হচ্ছে। বিষয়টি অবশ্য ইংল্যান্ডের জানা ছিল অনেক আগেই।

ইংল্যান্ড যে পিচগুলো ব্যবহার করছে, সেগুলোর মান নিয়েও কোনো অসন্তোষ নেই। বরং ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানুয়ারিতেই নিজেদের গ্রাউন্ডস স্টাফ পাঠিয়ে পিচ প্রস্তুতের কাজ শুরু করেছিল, যাতে ১ জুন ইংল্যান্ড দল পৌঁছানোর আগেই মাঠ অনুশীলনের জন্য পুরোপুরি তৈরি থাকে।

বিশ্বকাপের দলগুলোর জন্য নির্ধারিত অনুশীলন সুবিধাগুলোকে ফিফা দৈনিক সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভাড়া দেয়। তবে সেই অর্থ দেওয়া শুরু হয় দলের প্রথম ম্যাচের পাঁচ দিন আগে থেকে এবং গ্রুপ পর্বজুড়ে তা চালু থাকে। কিন্তু ২৮ দিনের পিচ সুরক্ষা সময়ের জন্য আলাদা কোনো দৈনিক অর্থ দেওয়া হয় না। অর্থাৎ প্রায় এক মাস পিচ ব্যবহার বন্ধ রাখতে হলেও সেই সময়ের জন্য ভেন্যুগুলো কোনো ক্ষতিপূরণ পায় না।

ইংল্যান্ড এই কমপ্লেক্সে দুটি পিচ বুক করেছে। খেলোয়াড়দের জন্য অস্থায়ী জিম সুবিধাও তৈরি করা হয়েছে। অন্যদিকে পর্তুগাল এখনও নিজেদের অস্থায়ী অবকাঠামো তৈরির কাজ চূড়ান্ত করছে।

পাম বিচ কাউন্টি সকার একাডেমির প্রধান নির্বাহী গ্যারি ওয়াকার জানিয়েছেন, ইংল্যান্ড কোচ টুখেল মাঠগুলোর মান দেখে মুগ্ধ হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘টুখেল বিশ্বাসই করতে পারছিলেন না যে এগুলো ব্যক্তিগত নয়, জনসাধারণের ব্যবহারের মাঠ। তার কাছে বিষয়টি অবিশ্বাস্য লেগেছে।’

বিশ্বকাপের আগে গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ১ জুন ওয়েস্ট পাম বিচে পৌঁছেছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ, এরপর ১০ জুন অরল্যান্ডোতে কোস্টারিকার মুখোমুখি হবে টুখেলের দল।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে ফ্লোরিডার গরম, ভ্রমণ, পিচ ও প্রস্তুতি—সবকিছুই হিসাব করে এগোচ্ছে তারা। তবে বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতির আলোচনায় এখন জায়গা করে নিয়েছে ফিফার সেই পিচ সুরক্ষা নিয়ম, যার কারণে রোনালদোদের জন্য রাখা মাঠে নামতে পারছে না টুখেলের দল।