ষষ্ঠ বিশ্বকাপের পথে রোনালদো, পর্তুগালের দল ঘোষণা

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে পর্তুগাল। রবার্তো মার্তিনেজের ঘোষিত ২৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড। সব ঠিক থাকলে উত্তর আমেরিকার আসর হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
পুরুষ ফুটবলে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় ছয়টি বিশ্বকাপে খেলেননি। রোনালদো চোটে না পড়লে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই ইতিহাস গড়বেন। আর্জেন্টিনার দলে জায়গা পেলে লিওনেল মেসিও একই কীর্তিতে যোগ দেবেন।
রোনালদোর সঙ্গে পর্তুগাল দলে আছেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস, বার্নার্দো সিলভা ও রুবেন দিয়াসদের মতো তারকারা। চারজন গোলরক্ষক রাখা হয়েছে প্রাথমিক দলে, তবে চূড়ান্ত তালিকার আগে একজনকে বাদ দিতে হবে।
দলে কিছু চমকও আছে। চার বছর পর মার্চে জাতীয় দলে ফেরা গনসালো গেদেস জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। সাবেক উলভস ফরোয়ার্ড এখন খেলছেন রিয়াল সোসিয়েদাদে। জায়গা পেয়েছেন মায়োর্কার ডিফেন্সিভ মিডফিল্ডার স্যামুয়েল কস্তাও, যার পর্তুগালের হয়ে ম্যাচ সংখ্যা মাত্র চার।
তবে বাদ পড়াদের তালিকাও কম আলোচনার নয়। জোয়াও পালিনিয়া ও মাতেউস ফার্নান্দেস দলে নেই। বায়ার্ন মিউনিখ থেকে টটেনহামে ধারে খেলা পালিনিয়ার পর্তুগালের হয়ে ৩৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ওয়েস্ট হামের মাতেউস ফার্নান্দেস এ বছরই জাতীয় দলে অভিষেক করেছিলেন, তবে বিশ্বকাপ দলে জায়গা হলো না।
বেনফিকার ডিফেন্ডার আন্তোনিও সিলভাও বাদ পড়েছেন। আক্রমণভাগে জায়গা হয়নি পাউলিনিও, পেদ্রো গনসালভেস, রিকার্দো হোর্তা ও পোর্তোর তরুণ রদ্রিগো মোরার।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আসরে শিরোপার দাবিদারদের একটি ধরা হচ্ছে পর্তুগালকে। দেশটির ইতিহাসে এখনো বিশ্বকাপ জেতা হয়নি। তাদের সেরা সাফল্য ১৯৬৬ ও ২০০৬ সালে সেমিফাইনাল খেলা।
গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ৬ জুন চিলি ও ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে মার্তিনেজের দল।
Os convocados para o Mundial 2026 🫂🇵🇹#VaiDarPortugal | @FIFAWorldCup pic.twitter.com/XonTsyxiBp
— Portugal (@selecaoportugal) May 19, 2026
রোনালদোর জন্য এই বিশ্বকাপ হতে পারে আরেকটি ব্যক্তিগত মাইলফলকের মঞ্চ। তিনি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন। এবার গোল করতে পারলে ছয় বিশ্বকাপে গোল করা প্রথম পুরুষ ফুটবলার হবেন। তবে আরেকটি প্রশ্নও তাঁকে ঘিরে থাকবে—ক্যারিয়ারের এত সাফল্যের পরও বিশ্বকাপের নকআউট পর্বে এখনো গোল নেই তাঁর। সেই অপূর্ণতা ঘোচানোর সুযোগও থাকছে এবার।
পর্তুগালের ২৭ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার: জোয়াও কানসেলো, মাতেউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, দিয়োগো দালোত, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, স্যামুয়েল কস্তা।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, রাফায়েল লেয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস।



