ফার্মিনের জোড়া গোলে সমালোচনার জবাব দিল ফ্লিকের বার্সা

পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর প্রশ্ন উঠেছিল হান্সি ফ্লিকের আক্রমণাত্মক ফুটবল নিয়ে। শক্ত প্রতিপক্ষের সামনে বার্সেলোনার হাইলাইন ডিফেন্স কি বারবারই বিপদ ডেকে আনবে?
ম্যাচে আতলেটিকো মাদ্রিদের মাঠে শুরুটা দেখে সেই সংশয় আরও বাড়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ফ্লিকের কৌশলের ওপর বিশ্বাস ফেরানোর উপলক্ষও তৈরি করেছে। আর এই প্রত্যাবর্তনের নায়ক শততম লা লিগা ম্যাচ খেলতে নামা ফার্মিন লোপেজ।
বাংলাদেশ সময় সোমবার (৯ নভেম্বর) ভোরে মাদ্রিদের মেত্রোপলিতানোয় ম্যাচের প্রথম আট মিনিটেই দুই দলের একটি করে প্রচেষ্টা ক্রসবারে লাগে। দশম মিনিটে হুলিয়ান আলভারেজের ক্রস থেকে গোল করে আতলেটিকোকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।
বার্সেলোনার হাই লাইনের পেছনের জায়গা কাজে লাগিয়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। বিশেষ করে আলভারেজের সুযোগ নষ্টের কারণে ব্যবধান বাড়েনি।
প্রথমার্ধের শেষ দিকে খেলায় ফেরে বার্সেলোনা। পেদ্রির এগিয়ে যাওয়া থেকে তৈরি আক্রমণে ফার্মিনের পাস আটকে দেন প্রতিপক্ষের খেলোয়াড়। ফিরতি বল বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে ৪৫তম মিনিটে সমতা ফেরান ফার্মিন। কঠিন প্রথমার্ধ শেষে এই গোলই সফরকারীদের নতুন আত্মবিশ্বাস দেয়।
বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে নামান ফ্লিক। মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে বদলে যায় ম্যাচের গতি। শুধু আক্রমণ নয়, বল হারানোর পর দ্রুত ফিরে পাওয়াতেও উন্নতি দেখায় বার্সেলোনা। ৬৬তম মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত পাস ধরে ডান পায়ের শটে জয়সূচক গোল করেন ফার্মিন।
এরপর আর আগের মতো সুযোগ তৈরি করতে পারেনি আতলেটিকো। বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে শেষ দিকে চাপে ফেলার সুযোগও কমিয়ে দেয় বার্সেলোনা। অথচ বিরতির আগে দৃশ্যপট ছিল ঠিক উল্টো। এই বদলই ম্যাচের ফলের বাইরে ফ্লিকের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা।
ম্যাচ শেষে জয়ের গুরুত্ব জানতে চাওয়া হলে ফ্লিক দশের মধ্যে দশ নম্বর দেন। দুই বড় দলের কাছে সাম্প্রতিক হারের পর তার দলের এমন প্রতিক্রিয়া তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে প্রথমার্ধে রক্ষণের দুর্বলতা মনে করিয়ে দিয়েছে, সমস্যা পুরোপুরি মিটে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানোও তাড়াহুড়া হবে।
ফার্মিনের জন্য রাতটি আরও স্মরণীয়। বার্সেলোনার হয়ে নিজের শততম লা লিগা ম্যাচে দুই পায়ে দুটি গোল করেছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তাঁর নৈপুণ্যে ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্টে দ্বিতীয়, আতলেটিকো ২৮ পয়েন্টে তৃতীয়। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে পয়েন্টের ব্যবধানের পাশাপাশি আত্মবিশ্বাসেও এগিয়ে গেল ফ্লিকের দল।

