logo

রোনালদো ক্যাম্প ছাড়তেই ৭ নম্বর পেলেন লিয়াও

রোনালদো ক্যাম্প ছাড়তেই ৭ নম্বর পেলেন লিয়াও
রোনালদোর ৭ নম্বর জার্সি এখন লিঁয়াওর। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যাম্প ছেড়ে যাওয়ার পর তার পরিচিত ৭ নম্বর জার্সি পাচ্ছেন রাফায়েল লিয়াও। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে এই নম্বরের জার্সি পরবেন পর্তুগালের উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রোনালদোর অনুপস্থিতিতে লিয়াওয়ের নামের পাশে ৭ নম্বর যুক্ত হয়েছে। ইউয়েফার ওয়েবসাইটে তার খেলোয়াড় প্রোফাইলেও জাতীয় দলের জার্সি নম্বর হিসেবে এখন ৭ লেখা আছে।

পর্তুগালের মূল দলে অভিষেকের পর লিয়াও প্রথমে ১৫ নম্বর জার্সি পরতেন। পরে নেন ১৭ নম্বর। ডেনমার্কের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের হয়ে ৭ নম্বর জার্সি পরবেন তিনি। বয়সভিত্তিক পর্যায়ে স্পোর্তিং এবং ক্লাব ফুটবলে লিলের হয়ে অবশ্য এই নম্বর ব্যবহারের অভিজ্ঞতা আছে তাঁর।

এই পরিবর্তনের পেছনে রোনালদোর আকস্মিক ক্যাম্প ছাড়ার ঘটনা। বুধবার কোপেনহেগেনে কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলনের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘সরে আসার কারণ নিয়ে যথাসময়ে পর্তুগিজদের সত্যিটা জানাব।’

এর আগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ে পুরো ম্যাচ বেঞ্চে ছিলেন রোনালদো। তাকে বদলি হিসেবে নামানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যবহার করেননি জেসুস। সেই সিদ্ধান্তে রোনালদো ক্ষুব্ধ হয়েছিলেন বলে স্বীকার করেছেন কোচ।

রোনালদোর বিদায়ের পর বাকি খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে তার আন্তর্জাতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। লিয়াওয়ের ৭ নম্বর পাওয়ার খবরটি আপাতত ডেনমার্ক ম্যাচকে কেন্দ্র করেই এসেছে।