logo

এবার টিভি সিরিজে রোনালদো, থাকছেন পুরোনো প্রতিদ্বন্দ্বী অঁরিও

এবার টিভি সিরিজে রোনালদো, থাকছেন পুরোনো প্রতিদ্বন্দ্বী অঁরিও
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজ

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশনের পর্দাতেও নিজের ছাপ রাখতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। প্রথমবারের মতো একটি টিভি সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। শুধু পর্দার পেছনেই নয়, অভিনয়েও দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ীকে। তার সঙ্গে একই সিরিজে থাকছেন একসময়ের মাঠের প্রতিদ্বন্দ্বী, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন এই প্রকল্পের নির্মাণকাজ শুরুর খবর জানান রোনালদো। 'ডে ওয়ানস' (Day 1s) নামের সিরিজটি তৈরি হচ্ছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওসের ব্যানারে।

নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি সিরিজ ডে ওয়ানসের নির্মাণকাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে!’

তবে সিরিজটির পরিকল্পনা একেবারে নতুন নয়। গত জুলাইয়েই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছিল, ফুটবল নিয়ে একটি নাটকীয় টেলিভিশন সিরিজ তৈরি করছেন রোনালদো। সে সময় লন্ডনে এর দৃশ্যধারণও শুরু হয়েছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকল্পটির অগ্রগতির খবর দিলেন পর্তুগিজ তারকা।

সিরিজটির গল্প আবর্তিত হবে ব্রিটিশ ফুটবলের নেপথ্যের জগৎকে ঘিরে। মাঠের গোল কিংবা খেলোয়াড়দের সাফল্যের চেয়ে এখানে বেশি গুরুত্ব পাবে দলবদলের আলোচনা, এজেন্টদের প্রভাব, বড় অঙ্কের চুক্তি এবং ফুটবল ব্যবসার নানা জটিলতা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন। ব্রিটিশ ফুটবলের প্রভাবশালী এই কাল্পনিক এজেন্টের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। 'হোমল্যান্ড' ও 'বিলিয়নস' সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি।

রোনালদোর পাশাপাশি সিরিজটিতে থাকছেন আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় অঁরির আর্সেনালের বিপক্ষে বহুবার লড়েছেন রোনালদো। একসময় প্রতিপক্ষের জার্সিতে মুখোমুখি হওয়া দুই তারকাকে এবার দেখা যাবে একই টেলিভিশন প্রকল্পে।

ব্রিটিশ র‍্যাপার ডেভও যুক্ত হয়েছেন সিরিজটিতে। এর আগে 'টপ বয়' নামের জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম ড্রামায় অভিনয় করেছেন তিনি। নতুন এই প্রকল্পে আরও থাকছেন অভিনেত্রী কার্লোটা বানাট।

তবে রোনালদোর ভূমিকা শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকছে না। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সিরিজটির কয়েকটি পর্বে নিজের চরিত্রেই হাজির হবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান সৃজনশীল কর্মকর্তা কার্লোস পেরেসও বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্তুগিজ সংবাদমাধ্যম ইসিওকে পেরেস জানিয়েছেন, রোনালদো সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন এবং সীমিতসংখ্যক পর্বে নিজের ভূমিকায় পর্দায় উপস্থিত হবেন। তবে ঠিক কতটি পর্বে তাকে দেখা যাবে কিংবা গল্পে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ হবে, তা এখনো জানা যায়নি।

সিরিজটির মূল ভাবনা এসেছে বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে। অঁরির এজেন্ট হিসেবেও কাজ করেন তিনি। প্রকল্পটির নির্বাহী প্রযোজকদের একজনও ডেইন।

লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের মাঠে সিরিজটির দৃশ্যধারণ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। সেখানকার শুটিংয়ে অঁরিকেও দেখা গেছে। অন্যদিকে রোনালদোর প্রকাশিত ছবিতে ম্যাথু ভনের পাশাপাশি ডেমিয়ান লুইস ও ডেভকে দেখা যায়। একটি ছবিতে রয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের দৃশ্য।

২০২৫ সালে ম্যাথু ভনের সঙ্গে ইউআর মার্ভ স্টুডিওস নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন রোনালদো। 'কিংসম্যান', 'কিক-অ্যাস' এবং 'এক্স-মেন: ফার্স্ট ক্লাস'-এর মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ভন। টেলিভিশন সিরিজে এটি তাঁদের প্রথম বড় প্রকল্প হলেও এর আগে যৌথভাবে দুটি অ্যাকশন চলচ্চিত্রের প্রযোজনায় যুক্ত ছিলেন তারা।

সৌদি আরবের আল নাসরে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিনোদনজগতেও নিজের ব্যবসা সম্প্রসারণ করছেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে নতুন সিরিজটি কবে মুক্তি পাবে কিংবা কোন টেলিভিশন চ্যানেল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে, তা এখনো জানানো হয়নি। প্রকাশ করা হয়নি মোট পর্বসংখ্যাও।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট