logo

১৯ বছর ধরে জয় নেই, চ্যাম্পিয়নস লিগে লজ্জার রেকর্ড চেক ক্লাবের

১৯ বছর ধরে জয় নেই, চ্যাম্পিয়নস লিগে লজ্জার রেকর্ড চেক ক্লাবের
স্লাভিয়া প্রাগা দল। ছবি: উয়েফা

২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে অভিষেক হয়েছিল স্লাভিয়া প্রাগের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিল চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। এরপর কেটে গেছে ১৯ বছর। অথচ দ্বিতীয় জয়ের দেখা পায়নি তারা। এবার সেই দীর্ঘ জয়খরা স্লাভিয়া প্রাগকে জায়গা করে দিল চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বইয়ের অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়ে।

বুধবার (২৫ নভেম্বর) নিজেদের মাঠে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে স্লাভিয়া প্রাগ। ম্যাচের ৬২তম মিনিটে জয়সূচক গোলটি করেন কানাডিয়ান উইঙ্গার টাজন বুকানান। এই হারে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ও লিগ পর্ব মিলিয়ে টানা ২৪ ম্যাচ জয়হীন থাকার রেকর্ড গড়েছে চেক ক্লাবটি।

Advertisement

উয়েফার তথ্য অনুযায়ী, এর আগে চ্যাম্পিয়নস লিগে টানা ২৩ ম্যাচ জয়হীন থাকার রেকর্ড ছিল রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টের (বর্তমান নাম এফসিএসবি)। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোনো জয় পায়নি তারা। কাকতালীয় ব্যাপার হলো, সেই স্টুয়া বুখারেস্টের বিপক্ষেই চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে নিজেদের একমাত্র জয়টি পেয়েছিল স্লাভিয়া প্রাগ।

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর স্টুয়াকে ২-১ গোলে হারিয়েছিল স্লাভিয়া। এরপর ওই মৌসুমে গ্রুপ পর্বের বাকি পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। এর মধ্যে আর্সেনালের কাছে ৭-০ গোলের বড় হারও ছিল।

এরপর ২০১৯-২০, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে ক্লাবটি। তবে কোনো আসরেই কাটাতে পারেনি জয়খরা। সব মিলিয়ে সর্বশেষ ২৪ ম্যাচের মধ্যে ১৬টিতে হেরেছে স্লাভিয়া, ড্র করেছে আটটিতে।

দলের পাশাপাশি বিব্রতকর রেকর্ডের মালিক স্লাভিয়া প্রাগের প্রধান কোচ ইয়িন্দ্রিখ ত্রপিশোভস্কিও। তার অধীনে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ১৯ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি স্লাভিয়া। এর আগে স্পার্তাক মস্কোর কোচ ওলেগ রোমানৎসেভের টানা ১৭ ম্যাচ জয়হীন থাকার রেকর্ডটি ভেঙেছিলেন ত্রপিশোভস্কি।

স্লাভিয়াকে হারিয়ে অবশ্য নিজেদের দীর্ঘ এক জয়খরার অবসান ঘটিয়েছে ভিয়ারিয়াল। চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে টানা সাত ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে স্লাভিয়া। অপর ম্যাচটি ড্র করে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। অথচ ঘরোয়া লিগে ১৫ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।

আগামী ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আবারও মাঠে নামবে স্লাভিয়া। তবে ১৯ বছরের জয়খরা কাটানোর কাজটি মোটেও সহজ হবে না। কেননা, সেদিন জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে হবে চেক ক্লাবটিকে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট