Advertisement

রিয়ালের নতুন জার্সি নম্বর ঘোষণা, কে পেলেন কোন নম্বর?

এশিয়া পোস্ট স্পোর্টস
রিয়ালের নতুন জার্সি নম্বর ঘোষণা, কে পেলেন কোন নম্বর?
চলতি মৌসুমে রিয়ালের দুই নতুন সাইনিং দিয়োমান্দে ও কুকুরেয়া। ছবি: রিয়ালমাদ্রিদ.কম

নতুন মৌসুমের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মের দলবদলে যোগ দেওয়া ছয় ফুটবলারই পেয়েছেন নতুন নম্বর। ক্লাবটির রেকর্ড সাইনিং ইয়ান দিয়োমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি। লিওঁ থেকে ধারের মেয়াদ শেষে ফেরা এন্ড্রিক আবারও পেয়েছেন ৯ নম্বর।

Advertisement

হোসে মরিনহোর অধীনে ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে দল ঢেলে সাজিয়েছে রিয়াল। দিয়োমান্দের পাশাপাশি এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে, বার্নার্দো সিলভা ও কার্লোস এসপি।

রিয়ালের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, আরবি লাইপজিগ থেকে আসা দিয়োমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি। জার্মান ক্লাবটিতে ৪৯ এবং লেগানেসে ৩০ নম্বর পরে খেলেছিলেন আইভরি কোস্টের এই উইঙ্গার। জাতীয় দলে সাধারণত ১১ নম্বর পরলেও রিয়ালে সেটি রদ্রিগোর দখলে থাকছে।

নতুনদের মধ্যে কোনাতে পেয়েছেন ১৬ নম্বর জার্সি। গত মৌসুমে নম্বরটি ছিল গনসালো গার্সিয়ার। চেলসি থেকে আসা কুকুরেয়া পরবেন ১৭ নম্বর, যা আগে ছিল রাউল আসেনসিওর।

ইন্টার মিলান থেকে যোগ দেওয়া ডামফ্রিস পেয়েছেন ২৪ নম্বর। সেটি গত মৌসুমে ডিন হুইসেন ব্যবহার করেছিলেন। ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা বার্নার্দো সিলভা পরবেন ২০ নম্বর জার্সি। রিয়াল ছেড়ে রিয়াল বেতিসে যাওয়া ফ্রান গার্সিয়ার নম্বর ছিল এটি।

কার্লোস এসপির জন্য বরাদ্দ হয়েছে ১৯ নম্বর। দানি সেবায়োসের বিদায়ের পর নম্বরটি খালি হয়েছিল।

নতুনদের পাশাপাশি পুরোনো কয়েকজন ফুটবলারের নম্বরেও পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক দানি কারভাহাল চলে যাওয়ায় তার ২ নম্বর জার্সি পেয়েছেন আসেনসিও। অন্যদিকে গত জুনে ডেভিড আলাবার ছেড়ে যাওয়া ৪ নম্বর এখন পরবেন হুইসেন।

সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এন্ড্রিককে ঘিরে। গত মৌসুমের জানুয়ারিতে ধারে লিওঁতে যাওয়ার আগে রিয়ালের ৯ নম্বর জার্সি পরেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্পেনের ক্লাবটিতে ফিরে সেই নম্বরটিই আবার পেয়েছেন তিনি।

মূল দলের অনুশীলন পরিকল্পনায় থাকা থিয়াগো পিতার্চের জার্সি নম্বর ২৭। গত মৌসুমে ৪৫ নম্বর পরেছিলেন এই তরুণ মিডফিল্ডার। কাস্তিয়ার নিবন্ধন নিয়েই মৌসুম শুরু করতে পারেন তিনি। যদিও তাঁকে ধারে পাঠানোর সম্ভাবনাও বিবেচনা করছে রিয়াল।

তারকাদের আগের নম্বরগুলো অপরিবর্তিত থাকছে। কিলিয়ান এমবাপ্পে ১০, ভিনিসিয়ুস জুনিয়র ৭, জুড বেলিংহাম ৫ এবং রদ্রিগো ১১ নম্বর জার্সিতেই খেলবেন।

রিয়াল মাদ্রিদের পূর্ণ জার্সি তালিকা

গোলরক্ষক: ১ থিবো কোর্তোয়া, ১৩ আন্দ্রি লুনিন।

ডিফেন্ডার: ২ রাউল আসেনসিও, ৩ এদের মিলিতাও, ৪ ডিন হুইসেন, ১২ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ১৬ ইব্রাহিমা কোনাতে, ১৭ মার্ক কুকুরেয়া, ১৮ আলভারো কারেরাস, ২২ আন্তোনিও রুডিগার, ২৩ ফেরলাঁ মেন্দি, ২৪ ডেনজেল ডামফ্রিস।

মিডফিল্ডার: ৫ জুড বেলিংহাম, ৬ এদুয়ার্দো কামাভিঙ্গা, ৮ ফেদেরিকো ভালভের্দে, ১৪ অরেলিয়াঁ চুয়ামেনি, ১৫ আরদা গুলের, ২০ বের্নার্দো সিলভা, ২৭ থিয়াগো পিতার্চ।

ফরোয়ার্ড: ৭ ভিনিসিয়ুস জুনিয়র, ৯ এন্ড্রিক, ১০ কিলিয়ান এমবাপ্পে, ১১ রদ্রিগো, ১৯ কার্লোস এসপি, ২১ ব্রাহিম দিয়াস, ২৫ ইয়ান দিয়োমান্দে।

দলবদলের বাজার বন্ধ হতে এখনো প্রায় এক মাস বাকি। ফলে নতুন কোনো ফুটবলার যোগ দিলে কিংবা বর্তমান দলের কেউ চলে গেলে রিয়ালের জার্সি তালিকায় আবারও পরিবর্তন আসতে পারে।

রিয়ালের নতুন জার্সি নম্বর ঘোষণা, কে পেলেন কোন নম্বর?