মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি

লিওনেল মেসির সঙ্গে একদিন আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কি না, সেটি জানতে ছোটবেলায় নিজের বয়সের সঙ্গে মেসির বয়স মিলিয়ে হিসাব করতেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, শেষ পর্যন্ত নিজের আইডলের সঙ্গে বিশ্বকাপও জিতেছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণার পর আবেগঘন এক চিঠিতে সেই ছোটবেলার গল্পই তুলে ধরেছেন এনজো।
মেসিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘লিও, আপনি যখন বলেছিলেন জাতীয় দল ছেড়ে যাচ্ছেন, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তখন শুধু একটা শিশু। আপনার বয়স আর আমার বয়স হিসাব করতাম, কখনো আপনার সঙ্গে খেলতে পারব কি না সেটা দেখার জন্য।’
বিষয়টি শুনতে অদ্ভুত লাগতে পারে, সেটিও স্বীকার করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
‘শুনতে হয়তো বোকামি মনে হয়, কিন্তু সত্যিই আমি এটা করতাম। ভাবতাম, আপনার আর কত বছর খেলা বাকি, আমার প্রথম বিভাগে পৌঁছাতে আর কত বছর লাগবে। স্বপ্ন দেখতাম, অন্তত একবার হলেও আর্জেন্টিনার হয়ে আপনার সঙ্গে খেলব।’
২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর প্রথমবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে আবারও আর্জেন্টিনার জার্সিতে ফেরেন তিনি।
সেই ফিরে আসার কথাও আলাদা করে উল্লেখ করেছেন এনজো।
‘ভাগ্য ভালো, আপনি ফিরে এসেছিলেন। আর জীবন সেই ছোট্ট ছেলেটা যতটা কল্পনা করেছিল, তার চেয়েও অনেক সুন্দর হয়ে উঠেছিল।’
মেসির সঙ্গে শুধু মাঠ ভাগ করে নেওয়া নয়, জাতীয় দলের ক্যাম্প, ড্রেসিংরুম এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও হয়েছে এনজোর।
তিনি লিখেছেন, ‘আমি শুধু আপনার সঙ্গে খেলার সুযোগ পাইনি। আমরা একসঙ্গে ক্যাম্প করেছি, ড্রেসিংরুম ভাগ করেছি, কথা বলেছি, আলিঙ্গন করেছি, কঠিন সময় পার করেছি, অসাধারণ মুহূর্ত কাটিয়েছি এবং শেষ পর্যন্ত একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
তবে মেসির কাছ থেকে পাওয়া ব্যক্তিগত আচরণকেই সবচেয়ে বেশি মনে রাখবেন বলে জানিয়েছেন এনজো।
‘সবকিছুর ওপরে, আমি সব সময় কৃতজ্ঞ থাকব, কারণ দলে আসার প্রথম মুহূর্ত থেকেই আপনি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছেন।’
নিজের আইডলের সঙ্গে দেখা করতে এসে সম্পূর্ণ ভিন্ন এক মানুষকে খুঁজে পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
‘আমি এসেছিলাম আমার আইডলের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার উত্তেজনা নিয়ে। কিন্তু তার বদলে এমন একজন মানুষকে পেয়েছি, যিনি প্রথম মুহূর্ত থেকেই আমাকে দলের একজন মনে করিয়েছেন।’
মেসির ছোট ছোট আচরণও কখনো ভুলবেন না এনজো।
‘আপনার কাছে সব সময় একটা ভালো কথা থাকত, একটা পরামর্শ, একটা আলিঙ্গন অথবা শুধু এমন একটা আচরণ, যেটা প্রয়োজনের সময় আমাকে শান্ত করে দিত। এটা আমি কখনো ভুলব না।’
এখন মেসিকে ছাড়া আর্জেন্টিনার পরবর্তী ক্যাম্প কল্পনা করাও কঠিন বলে মনে হচ্ছে এনজোর।
‘আজ আপনার অনুপস্থিতিতে পরবর্তী জাতীয় দল ক্যাম্প কল্পনা করা আমার জন্য কঠিন। মাঠে গিয়ে সামনে ১০ নম্বর জার্সিতে আপনাকে দেখতে না পাওয়া কঠিন হবে। এত বছর আপনাকে সেখানে দেখেছি যে, অন্যভাবে ভাবাটাই অসম্ভব মনে হয়।’
চিঠির শেষ দিকে আবারও ফিরে এসেছেন ছোটবেলার সেই বয়সের হিসাবের গল্পে।
‘আমি কত ভাগ্যবান ছিলাম, লিও। সেই ছোট্ট ছেলেটাও কত ভাগ্যবান ছিল, যে তখন হিসাব কষছিল, অথচ জানতই না সে আদৌ এখানে পৌঁছাতে পারবে কি না।’
এরপর মেসিকে ধন্যবাদ জানিয়ে এনজো লিখেছেন, ‘আপনি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, তার জন্য ধন্যবাদ। আমাকে যা কিছু শিখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনার গল্পের একটা অংশ ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্যও ধন্যবাদ।’
সবশেষে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায় জানিয়ে তার বার্তা, ‘আপনাকে আমরা অনেক মিস করব, অধিনায়ক।’



-ca2e12.webp)