logo

বেলিংহামের লাল কার্ড, রিয়ালের টানা ১০ জয়ের অবসান

বেলিংহামের লাল কার্ড, রিয়ালের টানা ১০ জয়ের অবসান
ঘরের মাঠে হার বরণ করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। ছবি: কোলাজ

টানা ১০ ম্যাচ জিতে উড়ছিল হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে সেই জয়যাত্রা আরও দীর্ঘ করার সুযোগ ছিল তাদের সামনে। অথচ সান্তিয়াগো বার্নাব্যুতেই হোঁচট খেল স্প্যানিশ জায়ান্টরা। কিলিয়ান এমবাপ্পের গোলেও হার এড়াতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের শেষ দিকে পেনাল্টি আদায় করতে গিয়ে লাল কার্ড দেখলেন জুড বেলিংহাম।

বাংলাদেশ সময় রোববার (২৯ নভেম্বর) ভোরে লা লিগায় আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। সফরকারীদের হয়ে গোল করেছেন টনি মার্তিনেজ ও আনহেল পেরেজ। রিয়ালের একমাত্র গোলটি করেছেন এমবাপ্পে। ২০০০ সালের মে মাসের পর এই প্রথম সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের স্বাদ পেল আলাভেস।

Advertisement

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে রিয়াল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টা আটকে দেন আলাভেসের গোলরক্ষক আন্তোনিও সিভেরা। উল্টো ২২তম মিনিটে ডিন হাউসেনের ভুল কাজে লাগিয়ে সফরকারীদের এগিয়ে দেন মার্তিনেজ।

প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হওয়ায় বিরতির পর বার্নার্দো সিলভা ও ইয়ান দিয়োমান্দেকে মাঠে নামান মরিনিও। তবে তাতেও বদলায়নি ম্যাচের চিত্র। ৬১তম মিনিটে রিয়ালের সাবেক ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পেরেজ।

৬৯তম মিনিটে বেলিংহামের সহায়তায় দুর্দান্ত শটে ব্যবধান কমান এমবাপ্পে। এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়াল। বদলি হিসেবে নামা কার্লোস এস্পির হেড পোস্টে লেগে ফিরে এলে হতাশা আরও বাড়ে স্বাগতিকদের।

ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ৮৮তম মিনিটে। আলাভেসের ডি-বক্সে বেলিংহাম পড়ে গেলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি সেসার সোতো গ্রাদো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত বদলান তিনি। পেনাল্টি বাতিল করে ফাউলের অভিনয় করার দায়ে বেলিংহামকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড।

পেনাল্টি পাওয়ার পরিবর্তে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি মরিনহোর দল।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ২৪টি শট নেয় রিয়াল। এর সাতটি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে আলাভেস লক্ষ্যে নেওয়া দুটি শট থেকেই পায় দুটি গোল। এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পাশাপাশি চলতি লা লিগায় ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ডও হারিয়েছে রিয়াল।

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে নেমে গেছে রিয়াল। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

আগামী বুধবার দিবাগত রাত ১২টায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে মরিনহোর দল। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে বেলিংহামকে পাচ্ছে না রিয়াল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট