logo

টানা তৃতীয় হার, চেলসিতে বাড়ছে আলোনসোর সংকট

টানা তৃতীয় হার, চেলসিতে বাড়ছে আলোনসোর সংকট
চেলসি ফুটবল দল। ছবি: গেটি ইমেজ

রিয়াল মাদ্রিদে হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে চেলসিতে নতুন করে শুরু করেছিলেন জাবি আলোনসো। অথচ দায়িত্ব নেওয়ার পাঁচ মাস না পেরোতেই লন্ডনের ক্লাবটিতে কঠিন সময় পার করছেন স্প্যানিশ এই কোচ। এবার নটিংহাম ফরেস্টের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে চেলসি। তাতে আলোনসোর ওপর চাপ আরও বেড়েছে।

বাংলাদেশ সময় শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিটি গ্রাউন্ডে নটিংহাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরেছে চেলসি। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন মরগান গিবস-হোয়াইট। অন্য গোলটি করেছেন ইগর জেসুস। চেলসির হয়ে দুটি গোলই করেছেন বদলি হিসেবে নামা এমানুয়েল এমেঘা।

Advertisement

ম্যাচের পঞ্চম মিনিটেই দানিয়েল মুনিওজের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ফরেস্টকে এগিয়ে দেন জেসুস। বিরতির পর সাবেক চেলসি ফরোয়ার্ড লিয়াম ডেলাপকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ওয়েসলি ফোফানা। ৫১তম মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন গিবস-হোয়াইট।

তিন মিনিট পর এমেঘার গোলে ম্যাচে ফেরার আশা জাগায় চেলসি। তবে ৭২তম মিনিটে জাভের শ্লাগারের পাস থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ফরেস্টকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন গিবস-হোয়াইট।

৮৯তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে হেডে ব্যবধান কমান এমেঘা। যোগ করা সময়ে জিওভানি কুয়েন্ডার শট ঠেকিয়ে দেন ফরেস্ট গোলরক্ষক মাতজ সেলস। তাতেই নিশ্চিত হয় চেলসির হার। ১৯৯৭ সালের পর এই প্রথম নিজেদের মাঠে চেলসিকে হারাল নটিংহাম ফরেস্ট।

এর আগে সান্ডারল্যান্ড ও লিডস ইউনাইটেডের কাছেও হেরেছিল আলোনসোর দল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে চেলসি। ১২ ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও ছয় হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১২ পয়েন্ট।

চেলসির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হয়ে উঠেছে রক্ষণভাগ। শেষ দুই লিগ ম্যাচেই সাত গোল হজম করেছে দলটি। চলতি লিগে তাদের হজম করা গোলের সংখ্যা ২৩। চেলসির চেয়ে বেশি গোল হজম করেছে কেবল তালিকার তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেস।

ম্যাচ শেষে নিজেদের আত্মবিশ্বাসের ঘাটতির কথা স্বীকার করেছেন আলোনসো। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘সবার জন্যই এটা কঠিন সময়। আবারও হারাটা হতাশাজনক। তবে আমাদের সমাধান খুঁজে যেতে হবে, থেমে গেলে চলবে না।’

দলের ব্যর্থতার দায় স্বীকার করে এই দুঃসময় কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন স্প্যানিশ কোচ।

২০২৪ সালে বায়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা জিতিয়ে আলোড়ন তুলেছিলেন আলোনসো। অথচ রিয়াল মাদ্রিদের পর এবার চেলসিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন তিনি।

আগামী ২ ডিসেম্বর স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। তিন দিন পর একই মাঠে তাদের প্রতিপক্ষ লিভারপুল। এই দুই ম্যাচেও ঘুরে দাঁড়াতে না পারলে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট