logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আদালতে মরক্কোর হার, আফ্রিকান কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল

আদালতে মরক্কোর হার, আফ্রিকান কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল
অবশেষে আফকন শিরোপা ফেরত পেল মানেরা। ছবি: গেটি ইমেজ

মাঠের লড়াইয়ে জিতেও শিরোপা হারাতে হয়েছিল সেনেগালকে। এবার আইনি লড়াইয়ে জিতে সেই শিরোপা পুনরুদ্ধার করল সাদিও মানের দল। আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) ফাইনাল নিয়ে আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ক্যাফের বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। মরক্কোর পরিবর্তে ২০২৫ সালের আফকনের চ্যাম্পিয়ন হিসেবে আবারও সেনেগালকে স্বীকৃতি দিয়েছে ক্রীড়া আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সুইজারল্যান্ডের লুজানে সেনেগাল ফুটবল ফেডারেশনের করা আপিলের পক্ষে রায় দিয়েছে সিএএস। তিন সদস্যের বিচারক প্যানেলের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রায় ১০ মাস ধরে চলা শিরোপা বিতর্কের নিষ্পত্তি হলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।

Advertisement

চলতি বছরের ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় মরক্কোকে পেনাল্টি দেন কঙ্গোর রেফারি জ্যঁ-জাক এনদালা। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের বেশির ভাগ ফুটবলার।

তবে সাদিও মানের প্রচেষ্টায় প্রায় ১৫ মিনিট পর মাঠে ফেরেন তারা। খেলা পুনরায় শুরু হলে মরক্কোর ব্রাহিম দিয়াজের নেওয়া পানেনকা পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি।

এরপর অতিরিক্ত সময়ে পাপে গেয়ের দুর্দান্ত গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আফকনের শিরোপা জেতে সেনেগাল।

তবে ফাইনালে সেনেগালের ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ক্যাফের কাছে অভিযোগ জানায় মরক্কো ফুটবল ফেডারেশন। প্রথমে মরক্কোর আবেদন প্রত্যাখ্যান করেছিল ক্যাফের শৃঙ্খলা কমিটি। দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ম্যাচের ফল বহাল রাখা হয়েছিল।

সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে মরক্কো। গত ১৭ মার্চ তাদের আবেদনের পক্ষে রায় দেয় ক্যাফের আপিল বোর্ড। প্রতিযোগিতার বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর ধারা অনুযায়ী সেনেগালকে ম্যাচ পরিত্যাগকারী দল হিসেবে বিবেচনা করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।

মাঠে জেতার দুই মাস পর শিরোপার স্বীকৃতি হারায় সেনেগাল। অন্যদিকে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি পায় মরক্কো।

ক্যাফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৫ মার্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। গত ৮ অক্টোবর তিন সদস্যের বিচারক প্যানেলের সামনে অনুষ্ঠিত হয় মামলার শুনানি। সেখানে নিজেদের যুক্তি তুলে ধরে সেনেগাল, মরক্কো ও ক্যাফ।

কেন সেনেগালের পক্ষে রায় দিল ক্রীড়া আদালত?

মামলায় সেনেগালের মূল যুক্তি ছিল, তাদের ফুটবলাররা সাময়িকভাবে মাঠ ছেড়ে গেলেও রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেননি। বরং খেলা পুনরায় শুরু করার অনুমতি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি সম্পন্ন হয়েছিল।

অন্যদিকে মরক্কোর দাবি ছিল, রেফারির অনুমতি ছাড়া মাঠ ছেড়ে যাওয়ায় প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছে সেনেগাল। ফলে ম্যাচ শেষ হলেও নিয়ম অনুযায়ী তাদের পরাজিত ঘোষণা করা উচিত।

তবে সেনেগালের যুক্তিই গ্রহণ করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা না করে খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রেফারি কোনো আইনি ভুল করেননি বলে জানিয়েছেন সিএএসের মহাসচিব মাতিয়ু রিব।

ফুটবলের আইন অনুযায়ী, খেলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাবলি ও ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আফকনের ফাইনালে রেফারি খেলা পুনরায় শুরু করেছিলেন এবং ম্যাচটিও সম্পন্ন হয়েছিল। ফলে মাঠের ফল বাতিল করে সেনেগালকে পরাজিত ঘোষণা করার সিদ্ধান্ত বহাল রাখেনি ক্রীড়া আদালত।

সিএএসের রায়ে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল হওয়ায় ফাইনালে সেনেগালের ১-০ গোলের জয় ও শিরোপার স্বীকৃতি পুনর্বহাল হয়েছে।

অবশ্য ক্রীড়া আদালতের রায়ের বিরুদ্ধে সীমিত কিছু আইনি ও প্রক্রিয়াগত কারণে সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মরক্কো সেই পথে হাঁটবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আপাতত মাঠের লড়াইয়ে জেতা শিরোপা ফিরে পেল সেনেগাল। ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকান কাপ জয়ের স্বীকৃতি পেল দেশটি। অন্যদিকে ৫০ বছরের শিরোপাখরা কাটানোর স্বীকৃতি পেয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না মরক্কো।

শিরোপা হারানোর আট মাস পর আবারও আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট