বিশ্বকাপের শুরুতে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল এবারের আসরের অন্যতম ফেভারিট দল স্পেন। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামাল স্পেনের প্রথম গ্রুপ ম্যাচে খেলতে পারছেন না। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
শুধু প্রথম ম্যাচ নয়, ২১ জুন সৌদি আরবের বিপক্ষে স্পেনের দ্বিতীয় গ্রুপ ম্যাচেও ইয়ামালের খেলা অনিশ্চিত। তার পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে জানা সূত্রের বরাত দিয়ে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ১৮ বছর বয়সি এই উইঙ্গার এখনও পুরোপুরি ফিট নন।
ইয়ামালের ফিটনেস পরিস্থিতি নিয়ে বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। স্পেনের মেডিকেল স্টাফের সদস্যরা বার্সেলোনায় গিয়ে তার অগ্রগতি পর্যবেক্ষণও করছেন। গত শুক্রবার দুই পক্ষ তার পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে।
গত মাসে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। সেই চোটের কারণেই বার্সেলোনার মৌসুমের শেষ ভাগে আর খেলতে পারেননি তিনি। তখন বার্সেলোনা জানিয়েছিল, ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা।
২০২৫ ব্যালন ডি’অরে রানার্সআপ হওয়া ইয়ামালকে এবারের বিশ্বকাপের সম্ভাব্য বড় তারকাদের একজন হিসেবে দেখা হচ্ছিল। বার্সেলোনার হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি। মৌসুমের প্রথম ভাগে পাবালজিয়ার সমস্যায় ভুগলেও পরে দুর্দান্ত ছন্দে ফেরেন।
স্পেনের জার্সিতেও এরই মধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছেন ইয়ামাল। ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর ২৫ ম্যাচে করেছেন ৬ গোল। ২০২৪ ইউরো জয়ে স্পেনের অন্যতম আলোচিত মুখ ছিলেন তিনি।
স্পেন বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ জুন কোরুনায় ইরাকের বিপক্ষে প্রথম ম্যাচ, এরপর ৮ জুন মেক্সিকোর পুয়েবলায় পেরুর মুখোমুখি হবে তারা। ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে ২৫ মে।
ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মধ্যে আগেও টানাপোড়েন দেখা গেছে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির পর কুঁচকির চোট নিয়ে ক্লাবে ফেরেন ইয়ামাল। তখন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক অভিযোগ করেন, স্পেন তরুণ খেলোয়াড়দের যথেষ্ট যত্ন নিচ্ছে না।
ফ্লিক বলেছিলেন, তরুণ ফুটবলারদের সুরক্ষা নিয়ে কথা বললে এসব বিষয়ই গুরুত্বপূর্ণ। পরে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেন, জাতীয় দল কোনো ঝুঁকি নেয় না এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সতর্ক থাকে।
স্পেনের শেষ গ্রুপ ম্যাচ ২৬ জুন উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচের আগে ইয়ামাল পুরোপুরি ফিট হতে পারেন কি না, সেটিই এখন স্প্যানিশ শিবিরের বড় অপেক্ষা।
