logo

চোটে সাফ খেলা হচ্ছে না রোনানের, দুশ্চিন্তায় বাংলাদেশ

চোটে সাফ খেলা হচ্ছে না রোনানের, দুশ্চিন্তায় বাংলাদেশ
রোনান সুলিভান। ছবি: বাফুফে

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল দল। চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে খেলতে পারছেন না যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। বাংলাদেশকে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারকে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডেকেছিলেন কোচ টমাস ডুলি। কিন্তু শেষ মুহূর্তের চোটে তার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হল। একই সঙ্গে দলের আক্রমণভাগ নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশ কোচ।

রোববার (১ নভেম্বর) দল ও ফেডারেশনসংশ্লিষ্ট সূত্রের বরাতে রোনানের ছিটকে যাওয়ার খবর পাওয়া যায়। চোটের কারণে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন না তিনি। ইতিমধ্যে তার বিমানের টিকিটও বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঠিক কী ধরনের চোটে পড়েছেন এবং সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনো জানা যায়নি।

রোনানের সাফে খেলা নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কলেজ ফুটবলের ব্যস্ততার কারণে প্রথমে নভেম্বরের শুরুতে বাংলাদেশে আসতে পারছিলেন না তিনি। পরে কলেজ দলের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় সেই বাধা দূর হয়। বাফুফেকে তিনি জানিয়েছিলেন, ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকতে পারবেন।

সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতের ফ্লাইটে তার রওনা হওয়ার ব্যবস্থা করেছিল ফেডারেশন। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে ৫ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে। এরপর ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্ট সামনে রেখে গত ২৪ অক্টোবর ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ ডুলি। সেই দলে জায়গা পেয়েছিলেন রোনান।

গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জেতান তিনি। একটি গোল করেন ফ্রি-কিক থেকে, অন্যটি হেডে।

এরপর ভারতের বিপক্ষে ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনান। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পানেনকা শটে বাংলাদেশের পঞ্চম ও জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন তিনি। ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সেই পারফরম্যান্সের সুবাদেই সিনিয়র জাতীয় দলের কোচ ডুলির নজরে আসেন রোনান। দীর্ঘদিন ধরে একজন কার্যকর স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ। তাই সাফে তাকে আক্রমণভাগের অন্যতম বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু তার অনুপস্থিতিতে সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে কোচকে। রোনানের বিকল্প হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ফর্টিস এফসির রাফায়েল টুডুর নাম ।

রোনানের ছিটকে যাওয়া আরও বড় সমস্যা হয়ে উঠেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কয়েকজন প্রবাসী ফুটবলারকে না পাওয়ার কারণে। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হবে ৯ নভেম্বর। তার আগে ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা নেই। দুই ফুটবলারের ৯ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে দলের প্রস্তুতিতেও কিছু সমস্যা রয়েছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনো পুরোপুরি ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও এখনো ক্যাম্পে যোগ দেওয়া হয়নি। সোমবার (২ নভেম্বর) তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

এসব কারণে টুর্নামেন্টের আগে পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না ডুলি। বিশেষ করে আক্রমণভাগে খেলোয়াড়দের সমন্বয় গড়ে তোলা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট