logo

পিএসজির শিরোপা উৎসবে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬

পিএসজির শিরোপা উৎসবে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৪১৬
psg clash

চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে আবারও অশান্ত হলো প্যারিস। আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে পিএসজি শিরোপা ধরে রাখার পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উদ্‌যাপনের মাঝেই কয়েক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক মানুষকে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ২৮০ জন। সংঘর্ষে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারানোর পরপরই প্যারিসের বিখ্যাত শঁজেলিজে এলাকা সমর্থকে ভরে যায়। শহরের বিভিন্ন সড়কে ফ্লেয়ার ও আতশবাজি জ্বালানো হয়। কোথাও কোথাও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়ার ঘটনাও দেখা গেছে। অন্তত একটি দোকানের কাচ ভাঙচুরের ফুটেজও প্রকাশিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, অশান্তির সময় ছয়টি গাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি যাত্রীছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যারিসের কেন্দ্রীয় এলাকায় ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে। উৎসবের কারণে রাজধানীর বাস, ট্রেন ও মেট্রো চলাচলেও বিঘ্ন ঘটে।

ফাইনাল দেখার জন্য পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন বহু সমর্থক। ম্যাচের আগেই সেখানে পুলিশের সঙ্গে কিছু সমর্থকের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিরোপা নিশ্চিত হওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

গত বছর পিএসজি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও উদ্‌যাপন সহিংসতায় রূপ নিয়েছিল। তখন প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানিয়েছেন, এবার খুব শক্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংঘর্ষের ঘটনাকে তিনি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলেছেন।

ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। ফ্রান্সের অতি-ডানপন্থি নেতা মারিন ল্য পেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ফুটবল ক্লাবের জয়কে ঘিরে এমন দাঙ্গা শুধু ফ্রান্সেই দেখা যায়।

অন্যদিকে পিএসজি খেলোয়াড়দের রোববার বিকেলে বিজয় প্যারেডে অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় সমর্থকদের সামনে আসবেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়ার কথা দলটির।

মাঠে পিএসজির জন্য রাতটি ছিল ঐতিহাসিক। কিন্তু মাঠের বাইরের সহিংসতা সেই উৎসবকে অনেকটাই ম্লান করেছে। ইউরোপ সেরা হওয়ার আনন্দে প্যারিস রাস্তায় নেমেছিল, তবে সেই উল্লাসের সঙ্গে জড়িয়ে গেল গ্রেপ্তার, টিয়ারগ্যাস ও ভাঙচুরের খবরও।