logo
Advertisement

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন, কতটা চেনেন আফ্রিকার এই দলকে?

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন, কতটা চেনেন আফ্রিকার এই দলকে?
বেনিন ফুটবল দল। ছবি: ফিফা

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। বিশ্বকাপে কখনো খেলতে না পারা বেনিন এবারই সবচেয়ে কাছে গিয়েছিল সেই স্বপ্ন পূরণের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৯৩তম স্থানে থাকা বেনিন বিশ্ব ফুটবলের বড় নাম নয়। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে একসময় তাদের সামনে তৈরি হয়েছিল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ।

বাছাইপর্বের গ্রুপ ‘সি’-তে শেষ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল বেনিন। দক্ষিণ আফ্রিকা লেসোথোর বিপক্ষে নিষিদ্ধ ফুটবলার তেবোহো মোকোয়েনাকে খেলানোয় শাস্তি পাওয়ার পর বদলে যায় গ্রুপের সমীকরণ। ফলে নিজেদের শেষ ম্যাচ জিতলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল বেনিনের সামনে।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ভেঙে পড়ে তারা। নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হারে বেনিন, ভিক্টর ওসিমেন করেন হ্যাটট্রিক। একই সময়ে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। দ্বিতীয় হয়ে আফ্রিকান প্লে-অফে ওঠে নাইজেরিয়া, আর তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় বেনিন।

বেনিনের সবচেয়ে পরিচিত ফুটবলার অধিনায়ক স্টিভ মুনিয়ে। জার্মান ক্লাব অগসবুর্গের এই স্ট্রাইকারই জাতীয় দলের অন্যতম প্রধান গোলের ভরসা।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের অবস্থান গিনি উপসাগরের তীরে। তাদের প্রতিবেশী টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজার। রাজধানী পোর্তো-নোভো হলেও দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র কোটোনু। দেশটির জনসংখ্যা ১ কোটি ৪০ লাখের বেশি।

বিশ্বকাপের স্বপ্ন অল্পের জন্য ভেঙে গেলেও এবার বেনিনের সামনে অন্য রকম এক উপলক্ষ। মনুমেন্তালে মেসির আর্জেন্টিনা অধ্যায়ের বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে আফ্রিকান দলটি।