logo

মেসির বিদায়ী ড্রোন শোয়ে বিজ্ঞাপন, দুয়ো দিলেন দর্শকেরা

মেসির বিদায়ী ড্রোন শোয়ে বিজ্ঞাপন, দুয়ো দিলেন দর্শকেরা
স্পন্সরের বিজ্ঞাপন দিয়ে শুরু হয় মেসির জন্য আয়োজন করা ড্রোন শো। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ম্যাচ তখন শেষ, পুরো মনুমেন্তালের আলো তখন নিভে গেছে। লিওনেল মেসিসহ গ্যালারির হাজারো দর্শকের চোখ তখন আকাশে। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে শুরু হচ্ছে বিশেষ ড্রোন শো। কিন্তু মেসির কোনো ছবি নয়, শুরুতেই আকাশে ভেসে উঠল একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে শোনা গেল দুয়ো।

বেনিনকে ৩-০ গোলে হারানোর পর মেসির বিদায়ী আয়োজনের অংশ ছিল ড্রোন শো। শত শত ড্রোন দিয়ে আর্জেন্টিনা অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল।

তবে মূল সম্মাননা শুরুর আগে ড্রোনে দেখানো হয় বিমা প্রতিষ্ঠান সানকোর সেগুরোসের লোগো ও নাম। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অন্যতম স্পনসর।

বিষয়টি ভালোভাবে নেননি মনুমেন্তালের দর্শকেরা। বিজ্ঞাপনটি ফুটে উঠতেই স্টেডিয়ামের বিভিন্ন অংশ থেকে শিস ও দুয়ো শোনা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনও জানিয়েছে, ড্রোন শোর শুরুতে বিজ্ঞাপন দেখানোর পর গ্যালারিতে তীব্র প্রতিক্রিয়া হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ সেকেন্ড ধরে প্রথমে প্রতিষ্ঠানের লোগো এবং পরে নাম দেখানো হয়। মেসিও তখন মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন।

এক্স ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিদায়ের মতো আবেগঘন অনুষ্ঠানে মেসিকে ঘিরে আয়োজনের মধ্যে শুরুতেই বাণিজ্যিক বিজ্ঞাপন রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন অনেক সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বড় অংশই যায় এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার দিকে।।

তাপিয়াকে ঘিরে অবশ্য দর্শকদের অসন্তোষ শুধু এই ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ক্লারিনের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগেও মনুমেন্তালের গ্যালারি থেকে তার বিরুদ্ধে স্লোগান শোনা গিয়েছিল। ড্রোন শোর বিজ্ঞাপনের পর সেই স্লোগান আবারও ওঠে।

বিজ্ঞাপন শেষ হওয়ার পর অবশ্য ড্রোন শো ফিরে যায় মেসিকে ঘিরেই। আকাশে ফুটিয়ে তোলা হয় তার ১০ নম্বর জার্সি, আর্জেন্টিনার হয়ে বিভিন্ন মুহূর্ত ও বিশ্বকাপ জয়ের স্মৃতি।