তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রিকেলমে, রোনালদোও আসছেন?

ফুটবল থেকে অবসর নিয়েছেন চার বছরের বেশি সময় আগে। তবে মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়া হয়নি কার্লোস তেভেজের। এবার সেই আক্ষেপ ঘোচাতে তারকাদের মেলা বসানোর পরিকল্পনা করেছেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি ও হুয়ান রোমান রিকেলমে খেলবেন বলে জানিয়েছেন তেভেজ। এখানেই শেষ নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আর্জেন্টিনায় নিয়ে আসতে চান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তবে একই দিনে আল নাসরের ম্যাচ থাকায় পর্তুগিজ মহাতারকার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। ‘আদিওস আপাচে’ নামের বিশেষ এই আয়োজনে বোকা জুনিয়র্সের সাবেক তারকাদের বিপক্ষে খেলবে তেভেজের বন্ধুদের নিয়ে গড়া একটি দল। দুই দলে তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের সতীর্থদের দেখা যাওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে বিদায়ী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন তেভেজ। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারের ‘রিও ফার্ডিনান্ড প্রেজেন্টস’ অনুষ্ঠানে মেসি ও রিকেলমের অংশগ্রহণের কথা জানান তিনি।
সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘এটা আমার শেষ ম্যাচ। লা বোম্বোনেরায় আয়োজন করছি। বোকা জুনিয়র্সের বিপক্ষে খেলবে আমার সেরা বন্ধুদের দল। তুমিও আমন্ত্রিত।’
এরপরই বিদায়ী ম্যাচের সবচেয়ে বড় দুই আকর্ষণের নাম প্রকাশ করেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড।
তেভেজ বলেন, ‘মেসি খেলবে, রিকেলমেও খেলবে।’
এই ঘোষণায় বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন ফার্ডিনান্ড। বিশেষ করে রিকেলমের নাম শুনে নিজের পুরোনো স্মৃতিচারণা শুরু করেন তিনি। ইংল্যান্ডের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলার সময় রিকেলমের অসাধারণ ফুটবল দক্ষতা কাছ থেকে দেখেছিলেন সাবেক এই ডিফেন্ডার।
ফার্ডিনান্ড জানান, এক ম্যাচে রিকেলমেকে আটকানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার সতীর্থ লেডলি কিংকে। কিন্তু আর্জেন্টাইন মিডফিল্ডারের নৈপুণ্যে রীতিমতো মুগ্ধ হয়ে যান ইংলিশ ফুটবলাররা।
সেই স্মৃতি মনে করে রিকেলমের প্রশংসা করেন ফার্ডিনান্ড। এমনকি তেভেজের বিদায়ী ম্যাচে এসে তার স্বাক্ষর করা একটি জার্সি সংগ্রহের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
তেভেজের সঙ্গে মেসি ও রিকেলমের সম্পর্কও অনেক পুরোনো। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন তিনি। দুজন একসঙ্গে ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। অন্যদিকে বোকা জুনিয়র্স ও জাতীয় দলে রিকেলমের সতীর্থ ছিলেন তেভেজ।
রিকেলমে বর্তমানে বোকা জুনিয়র্সের সভাপতি। তেভেজের বিদায়ী ম্যাচ আয়োজনের জন্য লা বোম্বোনেরা স্টেডিয়াম ব্যবহারের সুযোগও দিয়েছেন তিনি। তবে তেভেজ দুজনের খেলার কথা জানালেও মেসি ও রিকেলমের পক্ষ থেকে আলাদা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম এজেডজেডে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘদিন ফুটবল না খেলার কারণে আবার মাঠে নামা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রিকেলমে। তাই তেভেজের ঘোষণার পরও তিনি শেষ পর্যন্ত খেলবেন কি না, সেটি দেখার বিষয়।
তবে সবচেয়ে বড় চমক হতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন তেভেজ ও রোনালদো। ওয়েইন রুনিকে নিয়ে তাদের আক্রমণভাগ ছিল ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত ত্রয়ী।
এই তিন ফরোয়ার্ডকে নিয়ে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একই বছর ক্লাব বিশ্বকাপও জিতেছিলেন তারা। মাঠের সেই সফল জুটি এবার বিদায়ী ম্যাচের সৌজন্যে আবারও একত্র হতে পারে।
এর আগে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগাকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তেভেজ।
তার ভাষায়, ‘ক্রিশ্চিয়ানোকে আমি নিজেই আনতে যাব।’
তবে পর্তুগিজ মহাতারকা এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। এর মধ্যে তার অংশগ্রহণের পথে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে আল নাসরের প্রতিযোগিতামূলক সূচি।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর কুয়েতের জাবের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল খুলুদের মুখোমুখি হবে আল নাসর। একই দিনে আর্জেন্টিনায় তেভেজের বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ১৪ ডিসেম্বরের পর আল নাসরের প্রতিযোগিতামূলক ম্যাচে বিরতি থাকবে। তবে সৌদি সুপার কাপের সূচি অনুযায়ী সেই তথ্য সঠিক নয়। ফলে ক্লাবের দায়িত্বের কারণে রোনালদোর পক্ষে তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নেওয়া কঠিন হতে পারে। যদিও তার অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
মেসি, রিকেলমে ও রোনালদো ছাড়াও অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের আরও কয়েকজন কিংবদন্তিকে দেখা যেতে পারে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের তথ্য অনুযায়ী, ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, নেদারল্যান্ডসের এডউইন ফন ডার সার, চিলির আর্তুরো ভিদাল এবং ফ্রান্সের প্যাট্রিস এভরা অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি জানিয়েছেন।
একইভাবে বোকা জুনিয়র্সের সাবেক তারকা মার্তিন পালার্মো, সেবাস্তিয়ান বাত্তাগলিয়া, নিকোলাস বুর্দিসো ও দিয়েগো কানিয়াও অংশ নিতে রাজি হয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো, পাবলো সাবালেতা, এস্তেবান কাম্বিয়াসো ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার উপস্থিতিও প্রত্যাশা করা হচ্ছে।
এ ছাড়া ওয়েইন রুনি, পল স্কোলস, হাভিয়ের মাসচেরানো, আনহেল ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়েইনের মতো তারকাদের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ অতিথি তালিকা প্রকাশ করা হয়নি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদায়ী ম্যাচে বোকার কিংবদন্তিদের দলের কোচ হিসেবে থাকতে পারেন কার্লোস বিয়াঞ্চি। অন্যদিকে তেভেজের বন্ধুদের দলের দায়িত্বে দেখা যেতে পারে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনিকে। তবে এই পরিকল্পনারও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তেভেজের দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সাফল্য। বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি, ইতালির জুভেন্টাস এবং চীনের সাংহাই শেনহুয়ায়। পরে আবারও ফিরে আসেন শৈশবের ক্লাব বোকায়।
ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, সিরি আ, চ্যাম্পিয়নস লিগ ও কোপা লিবার্তাদোরেসসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণপদকজয়ী দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তেভেজ।
২০২১ সালে বোকা জুনিয়র্সের হয়ে শেষবার পেশাদার ফুটবলে মাঠে নামেন তিনি। পরের বছরের জুনে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। এরপর কোচিং পেশায় যোগ দেন। তবে বোকা জুনিয়র্সের সমর্থকদের সামনে বিশেষ বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল দীর্ঘদিনের।
অবশেষে সেই আয়োজন বাস্তব রূপ পেতে যাচ্ছে। বিদায়ী ম্যাচের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বলবয় থেকে কিংবদন্তি’। বোকা জুনিয়র্সের সঙ্গে তেভেজের ছোটবেলা থেকে গড়ে ওঠা সম্পর্ক এবং দীর্ঘ ফুটবলযাত্রাকে স্মরণীয় করে রাখাই এই আয়োজনের উদ্দেশ্য।
ম্যাচটি টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে ইএসপিএনের। তবে ম্যাচ শুরুর সময়, টিকিট বিক্রির সময়সূচি ও বিস্তারিত আয়োজন এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।
আপাতত সবচেয়ে বেশি আলোচনা মেসি ও রিকেলমের অংশগ্রহণ নিয়ে তেভেজের ঘোষণা ঘিরে। আর শেষ পর্যন্ত রোনালদোও যোগ দিলে বিদায়ী ম্যাচটি হয়ে উঠতে পারে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক পুনর্মিলনী। তবে একই দিনে আল নাসরের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় পর্তুগিজ মহাতারকাকে লা বোম্বোনেরায় দেখার সম্ভাবনা এখন অনিশ্চিত।
-81031c.webp)
