এশিয়ান গেমসে বাংলাদেশের ১০ গোলের লজ্জা

এশিয়ান গেমসে দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের নারী ফুটবল দলের। জাপানে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিটার বাটলারের দল। এটি বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়।
এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ ১৩ বছর পর সেই লজ্জার রেকর্ডও পেরিয়ে গেল লাল-সবুজেরা।
শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনেন কোচ বাটলার। মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনের মতো তরুণদের শুরু থেকে সুযোগ দিলেও ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারের মতো অভিজ্ঞদের রাখেননি প্রথম একাদশে।
ম্যাচের আগেই বাটলার জানিয়েছিলেন, ফলের চেয়ে তরুণদের সুযোগ দেওয়াকেই বেশি গুরুত্ব দেবেন। কিন্তু সেই পরীক্ষার মূল্য দিতে হয়েছে বড় ব্যবধানে।
প্রথমার্ধেই সাত গোল হজম করে বাংলাদেশ। বিরতির পর ঋতুপর্ণা ও মনিকারা মাঠে নামলেও তখন ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ব্যবধান ১০-০ করে উত্তর কোরিয়া।
সাম্প্রতিক সময়েও উত্তর কোরিয়ার বিপক্ষে কঠিন অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। এএফসি নারী এশিয়ান কাপে তাদের কাছে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজেরা। এবার ব্যবধান দ্বিগুণ হয়ে গেল।
এই হারে এশিয়ান গেমসের শুরুটাই ভারী হয়ে গেল বাংলাদেশের। সামনে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে আরও দুটি গ্রুপ ম্যাচ রয়েছে।


