জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলতে পারেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে দেশের মাটিতে তাকে আবারও খেলতে দেখার সুযোগ পেতে পারেন সমর্থকেরা। আগামী জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা সফরে যেতে পারে তার ক্লাব ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে বুয়েনস এইরেসে ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের পর এবার ক্লাবের জার্সিতে নিজের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টাইন মহাতারকার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি রিভার প্লেটের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা চলছে। দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ম্যাচটির সময়সূচি কিংবা মেসির অংশগ্রহণের বিষয়েও চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি।
সম্ভাব্য ম্যাচটি নিয়ে আশার কথা শুনিয়েছেন ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসও। শনিবার শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রিভার প্লেটের বিপক্ষে খেলার আলোচনা স্বীকার করেন তিনি।
মায়ামি কোচ বলেন, ‘আমার কাছে বিষয়টি প্রায় নিশ্চিত। এটি খুবই জোরালো সম্ভাবনা।’
তবে সবকিছু চূড়ান্ত হতে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে বলেও জানান গনসালেস। আর্জেন্টিনার ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
ম্যাচটি আয়োজন করা গেলে মেসির জন্য তা হবে বিশেষ এক উপলক্ষ। গত ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন এই মনুমেন্তাল স্টেডিয়ামেই। বেনিনের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছিলেন তিনি। আর্জেন্টিনা জিতেছিল ৩-০ ব্যবধানে।
বিদায়ী ম্যাচের আগে মেসিকে বিশেষ সম্মাননাও জানিয়েছিল রিভার প্লেট। ক্লাব সভাপতি স্তেফানো দি কার্লো তাঁ হাতে সম্মানসূচক সদস্যপদ, স্মারক ও বিশেষ জার্সি তুলে দিয়েছিলেন।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কয়েক মাসের মধ্যেই সেই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে মেসির। তবে এবার আর্জেন্টিনার আকাশি-সাদা নয়, তাকে দেখা যেতে পারে ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।
আরেকটি কারণে ম্যাচটি হতে পারে ঐতিহাসিক। এখন পর্যন্ত বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাব ম্যাচ খেলেননি মেসি। ফলে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হলে নিজ দেশে ক্লাবের জার্সিতে তার প্রথম ম্যাচ হতে পারে এটি। একই সঙ্গে আর্জেন্টিনার মাটিতে প্রথমবার খেলবে ইন্টার মায়ামিও।
রিভার প্লেটের বিপক্ষে মেসির আগের সাক্ষাৎ অবশ্য সুখকর ছিল না আর্জেন্টাইন ক্লাবটির জন্য। ২০১৫ সালে জাপানে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে প্রথম গোলটি করেছিলেন মেসিই।
১১ বছরের বেশি সময় পর আবারও রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তার। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। সেখানে তার সতীর্থ হিসেবে আছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার রদ্রিগো দি পলও।
আপাতত দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে আলোচনা যেভাবে এগোচ্ছে এবং মায়ামি কোচ যে ইঙ্গিত দিয়েছেন, তাতে জানুয়ারিতে মনুমেন্তালে মেসির প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে।
