Advertisement

বেতন নিয়ে জেরার্ডের বিস্ফোরক অভিযোগ, পাল্টা জবাব বাফুফের

এশিয়া পোস্ট স্পোর্টস
বেতন নিয়ে জেরার্ডের বিস্ফোরক অভিযোগ, পাল্টা জবাব বাফুফের
জেরার্ড জোন্স। ছবি: বাফুফে

বেতন হাতে না পাওয়ায় স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য টাকা পাঠাতে পারছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। নিজের নিরাপত্তা ও জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই ব্রিটিশ কোচ। তবে তার অভিযোগকে পরিস্থিতির ভুল উপস্থাপন বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

Advertisement

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে গত মাস থেকে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ দলের প্রস্তুতি চালাচ্ছেন জেরার্ড। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের আর্থিক সংকট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

জেরার্ড লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আজও তেমন আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

বেতনের প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য অর্থ পাঠাতে পারছি না।’

পোস্টের শেষ দিকে আরও গুরুতর শঙ্কার কথা জানান জেরার্ড। তিনি লেখেন, ‘আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’ তবে কোন ঘটনা বা পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ তৈরি হয়েছে, সেটি বিস্তারিত জানাননি তিনি।

জেরার্ডের পোস্টটি দেখেছেন জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক। তবে তার মতপ্রকাশের স্বাধীনতাকে আমাকে সম্মান করতে হবে। পুরো পরিস্থিতিকে তিনি ভুলভাবে উপস্থাপন করেছেন। যাই হোক, দ্রুতই এর সমাধান হয়ে যাবে।’

কোচের নিরাপত্তা নিয়ে প্রকাশ করা উদ্বেগ বাফুফে খতিয়ে দেখবে কি না, এমন প্রশ্নে তাবিথ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ফেডারেশন কোনো প্রতিক্রিয়া দেখাবে না। কোনো উদ্বেগ থাকলে জেরার্ড সরাসরি বাফুফেকে জানাতে পারেন।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসানও দাবি করেছেন, জেরার্ডের বেতন আটকে রাখা হয়নি। চুক্তি অনুযায়ী ১০ আগস্টের মধ্যেই তাঁর ব্যাংক হিসাবে বেতন জমা দেওয়ার পাশাপাশি করের অর্থও পরিশোধ করেছে ফেডারেশন।

ইমরান বলেন, ‘করসংক্রান্ত কাগজপত্র কোচের হাতে তুলে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তবে একটি হিসাব থেকে অন্য হিসাবে অর্থ পাঠানো বাফুফের দায়িত্ব নয়, সেটি জেরার্ডের দায়িত্ব।’

বাফুফের দাবি অনুযায়ী, সমস্যাটি বেতন পরিশোধ না করা নিয়ে নয়, বরং সেই অর্থ অন্য হিসাবে স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জেরার্ড।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যেই প্রধান কোচ ও বাফুফের এমন প্রকাশ্য বিরোধ নতুন অস্বস্তি তৈরি করেছে।