প্রিমিয়ার লিগ জয়ের এক বছর পরই লিভারপুলে শেষ স্লট অধ্যায়

প্রিমিয়ার লিগ জয়ের এক মৌসুম পরই লিভারপুল অধ্যায় শেষ হলো আর্নে স্লটের। ক্লাবটির মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ তাৎক্ষণিকভাবে ডাচ কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে ২০২৪ সালে লিভারপুলে এসেছিলেন স্লট। প্রথম মৌসুমেই দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়ে দারুণ শুরু করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় মৌসুমে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। লিভারপুল এবার প্রিমিয়ার লিগ শেষ করেছে পঞ্চম স্থানে, পয়েন্ট মাত্র ৬০। গত এক দশকে লিগে এটি ক্লাবটির সর্বনিম্ন পয়েন্ট সংগ্রহ।
সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৯টি ম্যাচ হেরেছে লিভারপুল। লিগে হার ১২টি, যেখানে আগের মৌসুমে হেরেছিল মাত্র চারবার। ফলের সঙ্গে পারফরম্যান্সের ধরনও ক্লাবের নীতিনির্ধারকদের অস্বস্তিতে ফেলেছিল। বিশেষ করে মাঠে লিভারপুলের স্বাভাবিক গতি, তীব্রতা ও পরিচয় হারিয়ে যাওয়াকেই স্লটের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে দেখা হচ্ছে।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটিকে কঠিন হলেও প্রয়োজনীয় বলা হয়েছে। লিভারপুল জানিয়েছে, স্লটের অবদান গুরুত্বপূর্ণ এবং সফল ছিল। তবে দলকে সামনে এগিয়ে নিতে ভিন্ন পথে হাঁটা প্রয়োজন বলে মনে করছে ক্লাব।
স্লটের দ্বিতীয় মৌসুম সহজ ছিল না। গত জুলাইয়ে স্পেনে গাড়ি দুর্ঘটনায় ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যু দলকে মানসিকভাবে বড় ধাক্কা দেয়। এর সঙ্গে যোগ হয় রেকর্ড অঙ্কের দলবদল ব্যয়ের পর নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সমস্যা, গুরুত্বপূর্ণ ফুটবলারদের ফর্মহীনতা এবং একের পর এক চোট।
লিভারপুল গত গ্রীষ্মে প্রায় ৪৪০ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল, যা ক্লাব ইতিহাসে এক ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় ব্যয়। কিন্তু সেই বিনিয়োগ মাঠে প্রত্যাশিত ফল দেয়নি। ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রাও ধারাবাহিকতা হারান।
সমর্থকদের মধ্যেও ক্ষোভ বাড়ছিল। চেলসির বিপক্ষে স্লটের শেষ দিকের হোম ম্যাচগুলোর একটিতে অ্যানফিল্ডেই তাকে দুয়ো শুনতে হয়। লিভারপুলের কোনো কোচকে ঘিরে এমন প্রকাশ্য অসন্তোষ শেষবার দেখা গিয়েছিল রয় হজসনের সময়।
মৌসুমজুড়ে ক্লাব কর্তৃপক্ষ স্লটের পাশে থাকলেও শেষ পর্যন্ত অবস্থান বদলায়। মৌসুম শেষে পর্যালোচনার পর ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস ও স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এখন সবচেয়ে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা। বোর্নমাউথকে ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপা লিগে তুলেছেন তিনি। প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ষষ্ঠ স্থানে শেষ করানোর পর লিভারপুলের নজরে এসেছেন এই স্প্যানিশ কোচ।
লিভারপুলের সঙ্গে ইরাওলার সংযোগও আছে। বর্তমান স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ বোর্নমাউথে থাকতেই ইরাওলাকে নিয়োগ দিয়েছিলেন। সেই সম্পর্ক এখন লিভারপুলের নতুন কোচ বাছাইয়ে প্রভাব ফেলতে পারে।
.png)

