logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

অসুস্থ মুসিয়ালার বেতন নিয়ে বিতর্ক, তোপের মুখে বায়ার্ন

অসুস্থ মুসিয়ালার বেতন নিয়ে বিতর্ক, তোপের মুখে বায়ার্ন
অসুস্থ মুসিয়ালার বেতন কমাতে চাওয়ায় বিতর্কের মধ্যে পড়েছে বায়ার্ন। ছবি: কোলাজ

একের পর এক চোট আর স্নায়বিক সমস্যার সঙ্গে লড়াই করে সবে মাঠে ফিরেছেন বায়ার্ন ও জার্মানির ফুটবলার জামাল মুসিয়ালা। এই কঠিন সময়ে তাকে নিয়ে প্রকাশ্যেই বেতন কমানোর সম্ভাবনার কথা তুলেছেন তারই ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। বিষয়টি নিয়ে বাভারিয়ানদের তীব্র সমালোচনা করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। এবার সেই সমালোচনায় যোগ দিয়েছে জার্মানির পেশাদার ফুটবলারদের সংগঠন ভিডিভি। এমনকি বায়ার্নের সাবেক তারকা ফুটবলাররাও দাঁড়িয়েছেন মুসিয়ালার পাশে।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি মুসিয়ালার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে বায়ার্ন। জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চুক্তিতে বছরে প্রায় আড়াই কোটি ইউরো আয় করেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে শারীরিক সমস্যা কাটিয়ে মুসিয়ালা আগের পারফরম্যান্সে ফিরতে পারবেন কি না এবং সেটি সম্ভব না হলে তার বর্তমান বেতনের যৌক্তিকতা থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বায়ার্নের কর্মকর্তারা।

Advertisement

বিতর্কের সূত্রপাত বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেসের মন্তব্য থেকে। স্নায়বিক সমস্যা কাটিয়ে মুসিয়ালা আগের ফর্মে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। পরবর্তী সময়ে একই ধরনের মন্তব্য করেন ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন ও সাবেক প্রধান নির্বাহী এবং বর্তমান তত্ত্বাবধায়ক পর্ষদের সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

গত শুক্রবার কোলনের বিপক্ষে ম্যাচের পর জার্মানির স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুমেনিগে জানান, মুসিয়ালার শারীরিক অবস্থার বিষয়ে তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগের মানের পারফরম্যান্সে ফেরাটা কঠিন হতে পারে।

মুসিয়ালা আগের ছন্দে ফিরতে না পারলে তার পরিবার, প্রতিনিধি ও তার নিজের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসতে হবে বলেও মন্তব্য করেন রুমেনিগে। সে ক্ষেত্রে বর্তমান বেতনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুসিয়ালার পাশে ফিফপ্রো

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে বায়ার্নের কর্মকর্তাদের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ফিফপ্রো। সংস্থাটির অভিযোগ, সম্ভাব্য চুক্তি আলোচনার আগে মুসিয়ালা ও তার প্রতিনিধিদের চাপে ফেলতেই সমন্বিতভাবে এমন মন্তব্য করছেন বায়ার্নের কর্মকর্তারা।

ফিফপ্রোর মতে, একজন ফুটবলারের চোট কিংবা ফর্মের অবনতি আগে থেকে স্বাক্ষরিত চুক্তির শর্ত পরিবর্তনের ভিত্তি হতে পারে না। একইভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেই কোনো ফুটবলার স্বয়ংক্রিয়ভাবে বেতন বাড়ানোর অধিকার পান না।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, চুক্তির স্থিতিশীলতা ফুটবলের অন্যতম মৌলিক নীতি। এটি শুধু ফুটবলারদের নয়, ক্লাবগুলোর স্বার্থও সুরক্ষিত রাখে।

এ ছাড়া চোট থেকে সেরে ওঠার সময়ে একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে ফিফপ্রো। মুসিয়ালার স্বাস্থ্য ও চুক্তি নিয়ে প্রকাশ্যে আলোচনা না করে ব্যক্তিগত পর্যায়ে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (২৩ নভেম্বর) বায়ার্নের সমালোচনা করেন ভিডিভির সভাপতি ও জার্মানির সাবেক মিডফিল্ডার কার্স্টেন রামেলোও। ক্লাবের কর্মকর্তাদের এমন আচরণকে আত্মঘাতী গোলের সঙ্গে তুলনা করেছেন তিনি।

রামেলোর মতে, বিপুল অঙ্কের অর্থ আয় করলেও ফুটবলাররা দিন শেষে মানুষ। ফুটবলে মানসিক অবস্থার গুরুত্বও অনেক। এমন পরিস্থিতিতে নিজের ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে সমালোচনা শোনা একজন ফুটবলারের জন্য মোটেও সহায়ক নয়।

চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে রামেলো বলেন, ‘চুক্তি মানে চুক্তি। দুই পক্ষই এতে স্বাক্ষর করেছে।’

এর আগে ভিডিভির সহসভাপতি মাইক ফ্রাঞ্জও বায়ার্নের কর্মকর্তাদের আচরণের সমালোচনা করেন। একইভাবে ক্লাবটির সাবেক দুই তারকা লোথার ম্যাথাউস ও স্টেফান এফেনবার্গও মুসিয়ালার সঙ্গে এমন আচরণের বিরোধিতা করেছেন।

চাপে ফেলার অভিযোগ অস্বীকার বায়ার্নের

অবশ্য মুসিয়ালাকে চাপে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন বায়ার্নের প্রধান নির্বাহী ড্রেসেন। শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি জানান, মুসিয়ালাকে আগের অবস্থায় ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় দিতে চায় বায়ার্ন।

আগামী বছরের শুরুতে তার পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানান ড্রেসেন। তবে আপাতত মুসিয়ালার চুক্তি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

অর্থাৎ বেতন নিয়ে প্রকাশ্যে বিতর্ক তৈরি হলেও এখন পর্যন্ত মুসিয়ালার চুক্তির শর্ত পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বায়ার্ন।

চোটের সঙ্গে মুসিয়ালার দীর্ঘ লড়াই

গত বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে পা ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মুসিয়ালা। চলতি বছরের আগস্টে প্রাক্‌-মৌসুমের দুটি ম্যাচে মাঠে লুটিয়ে পড়ার পর নিজের স্নায়বিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

স্নায়বিক সমস্যার কারণে সাময়িকভাবে চেতনা হারানোর মতো উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছিলেন এই জার্মান তারকা। এরপর সেপ্টেম্বরে আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি।

এর মধ্যেই রোববার স্কাই স্পোর্টস ও বার্তা সংস্থা এএফপির সহযোগী প্রতিষ্ঠান এসআইডি জানিয়েছে, গত ১৬ নভেম্বর অনুশীলনের সময় আবারও স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন মুসিয়ালা।

তবে সেই ঘটনার চার দিন পরই মাঠে ফেরেন তিনি। প্রায় দুই মাসের বিরতি কাটিয়ে গত শুক্রবার কোলনের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে বদলি হিসেবে নামেন মুসিয়ালা। ম্যাচটি ১-১ গোলে ড্র করে বায়ার্ন।

বেতন নিয়ে বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত মুসিয়ালার সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি ও ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল। পর্যাপ্ত সময় ও সমর্থন পেলে মুসিয়ালা আবারও নিজের সেরা ছন্দে ফিরবেন বলে আশাবাদী তারা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট