logo

ছোট্ট এক বিজ্ঞাপন থেকে বিশ্বজয়, ১২৭ বছরে পা বার্সেলোনার

ছোট্ট এক বিজ্ঞাপন থেকে বিশ্বজয়, ১২৭ বছরে পা বার্সেলোনার
১২৭ বছরে পা রেখেছে বার্সেলোনা। ছবি: এআই দিয়ে বানানো

১৮৯৯ সালের অক্টোবরে স্পেনের একটি ক্রীড়া পত্রিকায় ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়েছিলেন এক সুইস ফুটবলপ্রেমী। উদ্দেশ্য ছিল ফুটবল খেলার জন্য কয়েকজন সঙ্গী খুঁজে বের করা। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে যে ক্লাবের জন্ম হয়েছিল, একদিন তার জার্সিতেই যে মাঠ মাতাবেন ইতিহাসের সেরা ইয়োহান ক্রুইফ, দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা, তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। ফুটবলকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া, বিশ্বের কোটি মানুষের আবেগের সঙ্গে মিশে যাওয়া সেই বার্সেলোনা পূর্ণ করল প্রতিষ্ঠার ১২৭ বছর।

ছোট্ট বিজ্ঞাপন থেকে মহীরুহ

১৮৯৯ সালের ২২ অক্টোবর ফুটবল দল গঠনের জন্য ‘লস দেপোর্তেস’ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন হোয়ান গাম্পার। এর প্রায় পাঁচ সপ্তাহ পর ২৯ নভেম্বর বার্সেলোনার সোলেই জিমনেসিয়ামে একত্র হন গাম্পারসহ ১২ জন ফুটবলপ্রেমী। তাদের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফুটবল ক্লাব বার্সেলোনা। ক্লাবের প্রথম সভাপতি নির্বাচিত হন সুইস নাগরিক ওয়াল্টার ওয়াইল্ড।

Advertisement
বার্সার প্রথম ম্যাচের স্কোয়াড।
বার্সার প্রথম ম্যাচের স্কোয়াড।

প্রতিষ্ঠার পর শুরুর বছরগুলো মোটেও সহজ ছিল না বার্সেলোনার জন্য। তবে নানা প্রতিকূলতা পেরিয়ে স্প্যানিশ ফুটবলে নিজেদের অবস্থান সুসংহত করে ক্লাবটি। ১৯২৯ সালে স্প্যানিশ ফুটবল লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।

১৯২৯ সালেই প্রথম লিগ শিরোপা জিতে বার্সেলোনা।
১৯২৯ সালেই প্রথম লিগ শিরোপা জিতে বার্সেলোনা।

পঞ্চাশের দশকে হাঙ্গেরিয়ান কিংবদন্তি লাদিসলাও কুবালার জনপ্রিয়তায় দ্রুত বাড়তে থাকে ক্লাবের সমর্থকসংখ্যা। আরও বড় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা থেকেই নির্মিত হয় ক্যাম্প ন্যু। ১৯৫৭ সালের ২৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় বার্সেলোনার অসংখ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম।

ক্রুইফের হাত ধরে ফুটবল দর্শনের বিপ্লব

বার্সেলোনার ইতিহাসে ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের গুরুত্ব শুধু শিরোপা দিয়ে বিচার করা কঠিন। খেলোয়াড় হিসেবে ক্লাবটির ইতিহাস সমৃদ্ধ করার পর কোচ হিসেবেও ফুটবলের নতুন দর্শন প্রতিষ্ঠা করেন ইতিহাসের অন্যতম সেরা এই ‍ফুটবলার।

১৯৮৮ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নেওয়ার পর বলের দখল, দ্রুত পাস ও আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে গড়ে তোলেন বিখ্যাত ‘ড্রিম টিম’। তার অধীনে টানা চারবার স্প্যানিশ লিগ জেতে বার্সেলোনা।

ক্রুইফের হাত ধরে প্রথম ইউরোপিয়ান কাপ জিতে কাতালানরা।
ক্রুইফের হাত ধরে প্রথম ইউরোপিয়ান কাপ জিতে কাতালানরা।

১৯৯২ সালের ২০ মে ওয়েম্বলিতে সাম্পদোরিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে রোনাল্ড কোমানের ফ্রি-কিক থেকে করা গোলে প্রথমবার ইউরোপিয়ান কাপ জেতে কাতালান ক্লাবটি। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার পাশাপাশি শুরু হয় বার্সেলোনার ইতিহাসের নতুন অধ্যায়।

গার্দিওলা ও মেসির সোনালি যুগ

ক্রুইফের ফুটবল দর্শনকে পরবর্তী সময়ে আরও উচ্চতায় নিয়ে যান তারই শিষ্য পেপ গার্দিওলা। ২০০৮ সালে মূল দলের দায়িত্ব নেওয়ার পর মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতসদের নিয়ে গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল।

সেই হেক্সা জয়ী বার্সা দল।
সেই হেক্সা জয়ী বার্সা দল।

২০০৯ সালে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে বার্সেলোনা। ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে এই ছয় শিরোপা জয়ের কীর্তি গড়েছিল তারা।

২০১১ সালে ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আবারও ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে গার্দিওলার দল। এরপর ২০১৫ সালে লুইস এনরিকের অধীনে মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের আক্রমণত্রয়ীর দাপটে দ্বিতীয়বার ট্রেবল জেতে বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবলে প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের কীর্তিও গড়ে তারা।

২০১৫ সালের ট্রেবলজয়ী বার্সেলোনা দল।
২০১৫ সালের ট্রেবলজয়ী বার্সেলোনা দল।

লাদিসলাও কুবালা, ক্রুইফ, ম্যারাডোনা, রোমারিও, রোনালদো নাজারিও ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা সমৃদ্ধ করেছেন ক্লাবটির ইতিহাস। তবে বার্সেলোনার সাফল্যের সবচেয়ে বড় প্রতীক হয়ে আছেন মেসি। ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোল করার পাশাপাশি জিতেছেন ৩৫টি শিরোপা। তিনটি ক্ষেত্রেই বার্সেলোনার ইতিহাসে সবার ওপরে আর্জেন্টাইন কিংবদন্তি।

বিশ্ব ফুটবলে লা মাসিয়ার অবদান

নিজেদের ফুটবলার তৈরির দর্শনেও অন্য অনেক ক্লাবের চেয়ে আলাদা বার্সেলোনা। ১৯৭৯ সালের ২০ অক্টোবর তরুণ ফুটবলারদের আবাসিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে লা মাসিয়া।

এই প্রতিষ্ঠানের সাফল্যের সবচেয়ে বড় স্বীকৃতি আসে ২০১০ সালে। সেবার ফিফা ব্যালন ডি’অরের চূড়ান্ত তিনজনের তালিকায় ছিলেন মেসি, ইনিয়েস্তা ও জাভি। তিনজনই উঠে এসেছিলেন বার্সেলোনার নিজস্ব একাডেমি থেকে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে লা মাসিয়া। মেসি-জাভিদের পর এবার গাভি ও লামিনে ইয়ামালদের মতো ফুটবলারদের হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখছে বার্সেলোনা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ঐতিহ্যের সূচনা

১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার নতুন এক উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। কার্লোস ও জর্দি গ্র্যাঞ্জেলের প্রতিষ্ঠিত গ্র্যাঞ্জেল স্টুডিওর তৈরি বিশেষ স্মারক পোস্টার উন্মোচন করেছে ক্লাবটি। দুই বছর আগে বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মোচিত মাসকট ‘ক্যাট’-এর নির্মাতাও এই প্রতিষ্ঠান।

এখন থেকে প্রতিবছর ২৯ নভেম্বর ভিন্ন কোনো শিল্পীর তৈরি পোস্টার প্রকাশ করবে বার্সেলোনা। শিল্পের মাধ্যমে ক্লাবের ইতিহাস, সংস্কৃতি ও সমর্থকদের সঙ্গে সম্পর্ক তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।

একটি ক্লাবের চেয়েও বেশি কিছু

১২৭ বছরের পথচলায় বার্সেলোনার পুরুষ ফুটবল দল জিতেছে ২৯টি লা লিগা, ৩২টি কোপা দেল রে, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। নারী ফুটবলেও চারবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা। ফুটবলের বাইরেও বাস্কেটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় রয়েছে ক্লাবটির সমৃদ্ধ ইতিহাস।

তবে শুধু শিরোপার সংখ্যা দিয়ে বার্সেলোনার পরিচয় তুলে ধরা সম্ভব নয়। কাতালানদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দেড় লাখের বেশি সদস্যের এই প্রতিষ্ঠান।

১৯৬৮ সালের ১৭ জানুয়ারি ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণের সময় বার্সেলোনাকে একটি ফুটবল ক্লাবের চেয়েও বেশি কিছু হিসেবে অভিহিত করেছিলেন নার্সিস দে কারেরাস। পরবর্তী সময়ে সেই কথাই হয়ে উঠেছে বার্সেলোনার পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক।

১২৭ বছর আগে গাম্পারের দেখা ছোট্ট স্বপ্নটি আজ বিশ্বের কোটি মানুষের আবেগ। সময়ের সঙ্গে বদলেছে খেলোয়াড়, কোচ ও প্রজন্ম। এসেছে সাফল্য, এসেছে ব্যর্থতা। তবে বার্সেলোনার পরিচয় আজও সেই পুরোনো স্লোগানেই, ‘মেস কে উন ক্লাব’, অর্থাৎ একটি ক্লাবের চেয়েও বেশি কিছু।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট