লা লিগায় ইতিহাস গড়ল বার্সা

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই শিরোপার সাথে নতুন ইতিহাসও যোগ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পটিফাই ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারিয়ে ৩৮ ম্যাচের লা লিগা মৌসুমে ঘরের মাঠের সবকটি ম্যাচ জেতা প্রথম দল হলো হান্সি ফ্লিকের বার্সেলোনা।
ম্যাচটিতে বার্সার হয়ে জোড়া গোল করেন কাতালানদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন।
৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়াই। রিয়াল বেতিস অধিনায়ক ও সাবেক আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেয়েরিনের ভুল পাস কেটে নিয়ে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে রাফিনিয়ার গোল হলো ১৯টি।
তবে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা বেতিস। ৬৯ মিনিটে গাভির ফাউলে পেনাল্টি পায় সফরকারীরা। স্পটকিক থেকে গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকো।
কিন্তু বেতিসের ফেরার আশা বেশিক্ষণ টেকেনি। ৭৪ মিনিটে পেদ্রির পাস থেকে ২০ গজ দূর থেকে দারুণ কার্লিং শটে গোল করেন জোয়াও কানসেলো। তার গোলেই আবার দুই গোলের ব্যবধান ফিরে পায় বার্সা।
এই জয়ে ২০২৫-২৬ মৌসুমের বার্সেলোনা লা লিগা ইতিহাসের মাত্র ১১তম দল হিসেবে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড গড়ল। তবে ৩৮ ম্যাচের মৌসুমে ১৯টি হোম ম্যাচের সবকটি জেতা প্রথম দল তারাই। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ১৭ ম্যাচের সবকটি জিতেছিল। বার্সেলোনা সর্বশেষ নিখুঁত হোম লিগ মৌসুম কাটিয়েছিল ১৯৫৯-৬০ সালে, তখন হোম ম্যাচ ছিল ১৫টি।
আরও উল্লেখযোগ্য বিষয়, এই মৌসুমে বার্সেলোনা তিনটি স্টেডিয়াম ব্যবহার করেও ঘরের মাঠে এই রেকর্ড গড়েছে। এস্তাদি জোহান ক্রুইফ, বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়াম এবং সংস্কার হওয়া ক্যাম্প ন্যু তিন ভেন্যুতেই লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ফ্লিকের দল।
ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার একমাত্র দুই হার এসেছে চ্যাম্পিয়নস লিগে—অক্টোবরে পিএসজির বিপক্ষে লিগ পর্বে এবং এপ্রিলে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের শেষ দিকে আবেগঘন মুহূর্তও ছিল। ক্লাব ছাড়তে যাওয়া রবার্ট লেভানডফস্কি বদলি হয়ে ওঠার সময় দর্শকদের উষ্ণ অভিবাদন পান। ২০২২ সালে যোগ দেওয়ার পর বার্সেলোনার হয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন তিনি।
.png)


