আয়ারল্যান্ড কোচের মন্তব্যে ইসরায়েলের পাল্টা আক্রমণ, বাড়ছে বয়কটের চাপ

ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে মাঠের বাইরের উত্তাপ আরও বাড়ছে আয়ারল্যান্ডে। ম্যাচ দুটিকে ঘিরে আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। একই সময়ে ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদ জাতীয় দলকে ইসরায়েলের বিপক্ষে না খেলার আহ্বান জানিয়েছেন।
আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেচেনে ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা টোপোলায়। নিরাপত্তা ও ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে দুটি ম্যাচই মূল নির্ধারিত ভেন্যুর বাইরে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের ‘হোম’ ম্যাচটি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
এই দুই ম্যাচ নিয়ে নিজের অস্বস্তির কথা আগেই জানিয়েছিলেন হলগ্রিমসন। খেলোয়াড়দের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন জানিয়ে তিনি বলেছিলেন, দলের কেউই এই ম্যাচগুলো খেলতে স্বস্তি বোধ করছেন না। এরপর আরও সরাসরি অবস্থান নিয়ে আইরিশ কোচ বলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, গণহত্যার বিরুদ্ধে খেলছি।’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। হলগ্রিমসনের বক্তব্যকে তারা ‘মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। কোচের বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য ইসরায়েলি সংস্থার ওই বক্তব্যের জবাব দেয়নি।
এর মধ্যেই ম্যাচ দুটি বয়কটের দাবি আরও জোরালো হয়েছে। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামের একটি সংগঠনের খোলা চিঠিতে ১৬০ জনের বেশি ক্রীড়াবিদ স্বাক্ষর করেছেন। জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি তাদের আহ্বান, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দুটিতে না খেলার।
বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছর আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। ভবিষ্যতের ড্রয়ে দুই দলকে আলাদা রাখার অনুরোধও করেছিল আইরিশ ফুটবল কর্তৃপক্ষ। উয়েফা সেই আবেদন নাকচ করে জানায়, এ ধরনের সিদ্ধান্ত মূলত দুই দেশের মধ্যকার সরাসরি সংঘাত ও নিরাপত্তাঝুঁকির মতো বিষয় বিবেচনা করে নেওয়া হয়।
ফলে মাঠের খেলা শুরুর আগেই আয়ারল্যান্ড-ইসরায়েল দুই ম্যাচকে ঘিরে চাপ বাড়ছে। একদিকে ম্যাচ খেলতে বাধ্যতামূলক প্রতিযোগিতার নিয়ম, অন্যদিকে কোচ, ক্রীড়াবিদ ও সমর্থকদের একটি অংশের প্রবল আপত্তি। এই পরিস্থিতির মধ্যেই ২৭ সেপ্টেম্বর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দুই দল।
