অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন রোনালদো

দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।
যুক্তরাষ্ট্রের বিনোদোন বিষয়ক সাময়িকী পিপল জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিল তাদের পাঁচ সন্তান।
বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন রোনালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের হাত ও বিয়ের আংটির একটি ছবি প্রকাশ করেন পর্তুগিজ মহাতারকা। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘সি❤️জি’। তাদের নামের প্রথম অক্ষর দিয়েই বিশেষ মুহূর্তটি প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।
ঠিক এক বছর আগে ২০২৫ সালের ১১ আগস্ট রোনালদোর সঙ্গে বাগদানের খবর জানিয়েছিলেন জর্জিনা। বিশাল হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন এবং আমার প্রতিটি জীবনে।’
বাগদানের এক বছর পূর্তির দিনেই বিয়ের জন্য বেছে নিলেন তারা। তবে ভবিষ্যতে বড় পরিসরে কোনো আনুষ্ঠানিকতা কিংবা বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
রোনালদো ও জর্জিনার পরিচয় হয়েছিল ২০১৬ সালে। সে সময় মাদ্রিদের একটি গুচি বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদোর সঙ্গে সেখানেই তার প্রথম দেখা হয়।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর একই বছরের মে মাসে জর্জিনার সঙ্গে নিজের ছবি প্রকাশ করে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন রোনালদো।
দীর্ঘ সম্পর্কের সময়ে একসঙ্গে বড় করেছেন পাচ সন্তানকে। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান এভা ও মাতেওর পাশাপাশি তাদের দুই মেয়ে আলানা ও বেলা রয়েছে। ২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় ছেলে আনহেলকে হারানোর শোকও একসঙ্গে সামলেছেন তারা।
জর্জিনাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেও বিভিন্ন সময়ে বর্ণনা করেছেন রোনালদো। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্পর্কের শুরুতে এটি এত দূর যাবে বলে ভাবেননি। তবে সময়ের সঙ্গে জর্জিনাই যে তার জীবনের সঙ্গী, সেটি বুঝতে পারেন।
বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। কয়েক দিন আগে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালে অন্য এক দম্পতির বিয়েকে রোনালদো-জর্জিনার বিয়ে ভেবে সেখানে ভিড় করেছিলেন শত শত সমর্থক। সেই ভুলের প্রতিক্রিয়ায় হাসির ইমোজিও দিয়েছিলেন রোনালদো। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে কাসকাইসে নীরবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন পর্তুগালের মহাতারকা।
.png)


