বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনোর আড়াই লাখ কোটি টাকার পরিকল্পনা ফাঁস
-8564ab-720x405.webp)
এক দশক কিংবা দুই দশক নয়, প্রায় এক শতাব্দীর জন্য বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্বে পরিচালনার পরিকল্পনা করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রস্তাবিত সেই প্রতিষ্ঠানের প্রাথমিক মূল্যায়ন ছিল ২০ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা। চুক্তির মেয়াদ হতে পারত সর্বোচ্চ ৯৬ বছর। ব্যাপক বিরোধিতার মুখে গত জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল হলেও এবার ফাঁস হয়েছে এর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
সোমবার (২৩ নভেম্বর) ফিফার অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ফিফা ও প্রস্তাবিত প্রকল্পের প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যকার যোগাযোগের নথিও হাতে পেয়েছে সংবাদমাধ্যমটি।
চলতি বছরের বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েক দিন আগে তৈরি করা হয়েছিল এসব নথি। গত ১৭ ও ১৮ জুলাইয়ের নথিতে প্রকল্পটির মেয়াদ, মালিকানা, সম্ভাব্য মুনাফা এবং নির্বাহীদের আর্থিক প্রণোদনার বিস্তারিত উঠে এসেছে।
‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ছিল ইনফান্তিনোর। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষকতা, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হতো প্রতিষ্ঠানটিকে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানে ফিফার সংখ্যাগরিষ্ঠ মালিকানা বজায় থাকত। দীর্ঘমেয়াদে অন্তত ৫১ শতাংশ মালিকানা নিজেদের হাতে রাখার পরিকল্পনা ছিল সংস্থাটির। প্রতি ১২ বছর অন্তর লাইসেন্স নবায়নের মাধ্যমে চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের প্রায় ২১ শতাংশ মালিকানা বিক্রি করে ৪২০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫২ হাজার ৩৩২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার ছিলেন এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকত নতুন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের। তাদের প্রণোদনার জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫ শতাংশ শেয়ার বরাদ্দ রাখার পরিকল্পনা ছিল।
প্রাথমিক ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নের সঙ্গে প্রতি ১০০ কোটি ডলার যোগ হলে নির্বাহীদের প্রণোদনার পরিমাণ সর্বোচ্চ ৫ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারত। অর্থাৎ প্রতিষ্ঠানের মূল্য প্রতি ১২ হাজার ৪৬০ কোটি টাকা বাড়লে নির্বাহীরা প্রায় ৬২৩ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার সুযোগ পেতেন।
এফএফইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল ইনফান্তিনোর। তবে তিনি ব্যক্তিগতভাবে এই প্রকল্প থেকে কোনো আর্থিক সুবিধা পেতেন না বলে দাবি করেছে ফিফা।
সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রণোদনার আওতায় কেবল নতুন প্রতিষ্ঠানের নির্বাহীরাই থাকতেন। ফিফার কর্মকর্তারা ওই সুবিধা পাওয়ার যোগ্য হতেন না। পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের জন্যও ফিফার শীর্ষ কর্মকর্তাদের অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা ছিল না।
এদিকে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে উঠে এসেছে আরও একটি তথ্য। প্রতিষ্ঠানটি চালুর আট বছর পর এর শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সুযোগও রাখা হয়েছিল প্রস্তাবিত চুক্তিতে।
চুক্তির আরেকটি শর্ত নিয়েও উঠেছে প্রশ্ন। ফিফা চুক্তির শর্ত ভঙ্গ করলে কিংবা প্রতিদ্বন্দ্বী কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে থ্রাইভ ক্যাপিটালকে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ১১৫ কোটি টাকা।
অথচ এত বড় একটি প্রকল্পের জন্য কোনো প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়নি। এমনকি ফিফার নিজস্ব অর্থ বিভাগও প্রস্তাবিত চুক্তির শর্ত সম্পর্কে সরাসরি অবগত ছিল না বলে উঠে এসেছে অভ্যন্তরীণ নথিতে।
ফিফার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার সম্মতি প্রয়োজন হতো।
ইনফান্তিনোর দাবি ছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হতো। বাংলাদেশের মতো ফিফার সদস্য দেশগুলোর জন্য উন্নয়ন তহবিল বাড়ানোর পরিকল্পনাও ছিল এতে।
তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার বিরোধিতার মুখে গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি বাতিল করেন ফিফা সভাপতি।
গত ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের সভায় প্রকল্পটি পরিচালনা ও এ নিয়ে যোগাযোগের ক্ষেত্রে ভুলের জন্য ক্ষমাও চান ইনফান্তিনো। ভবিষ্যতে কোনো রূপেই এই প্রকল্প ফিরিয়ে আনা হবে না বলে আশ্বাস দেন তিনি।
পরিকল্পনা বাতিল হলেও বিষয়টি নিয়ে উয়েফার আপত্তি শেষ হয়নি। সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট নথি সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার সভাপতি নির্বাচন। সেখানে চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হবেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।
নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাতিল হয়ে যাওয়া আড়াই লাখ কোটি টাকার প্রকল্পের নতুন সব তথ্য সামনে আসায় ফিফার পরিচালন কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।


-8564ab.webp)

