চুলের রং নিয়ে সমালোচনা, ক্ষুব্ধ নেইমারের পাল্টা জবাব

মাঠে গোল কিংবা অ্যাসিস্ট নয়, এবার চুলের রং নিয়ে আলোচনায় নেইমার। গ্রেমিওর বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে চুলের রং বদলে ফেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে ম্যাচে সান্তোসের হারের পর সেই সাজসজ্জা নিয়েই শুরু হয় সমালোচনা। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া ও অতিরিক্ত আত্মবিশ্বাসের অভিযোগ ওঠে নেইমারদের বিরুদ্ধে। এমন সমালোচনায় ক্ষুব্ধ সান্তোস অধিনায়কের দাবি, যারা চুলের রঙের সঙ্গে মাঠের পারফরম্যান্সকে মেলাচ্ছেন, তারা ফুটবলের কিছুই বোঝেন না।
সোমবার (২৩ নভেম্বর) ব্রাজিলিয়ান সিরি ‘আ’র ৩৬তম রাউন্ডে মোরুম্বিস স্টেডিয়ামে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে সান্তোস। ম্যাচের আগে নেইমারের পাশাপাশি গ্যাবিগোল, ফিলিপে কুতিনিও, আর্থার, এভারটন সেবোলিনিয়া, গ্যাব্রিয়েল বোনতেম্পো ও রদিনেই চুলে প্লাটিনাম ব্লন্ড রং করেছিলেন। অর্থাৎ শুরুর একাদশের সাত ফুটবলারই মাঠে নেমেছিলেন নতুন সাজে।
ম্যাচের শুরুতেই কার্লোস ভিনিসিয়ুসের মাথার ওপর দিয়ে বল তুলে দেওয়ার কৌশল ‘রেইনবো ফ্লিক’ প্রয়োগের চেষ্টা করেন নেইমার। তবে সফল হতে পারেননি তিনি। ম্যাচ শেষে এই ঘটনাও সমালোচনার জন্ম দেয়।
মাঠের লড়াইয়ে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের এমন সাজসজ্জাকে অহংকারের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দেন অনেকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় নেইমারকেও।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘যারা এমন কথা বলে, তারা ফুটবলের কিছুই বোঝে না।’
সমালোচকরা ফুটবলারদের দৈনন্দিন পরিশ্রম, তাদের চিন্তাভাবনা কিংবা নিজেদের প্রতি তাদের প্রত্যাশা সম্পর্কে কিছুই জানেন না বলেও মন্তব্য করেন ব্রাজিলিয়ান তারকা।
এ ধরনের সমালোচনা যে আসতে পারে, তা আগেই অনুমান করেছিলেন নেইমার। তবে নিজের ও সতীর্থদের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙের কোনো সম্পর্ক নেই বলেই মনে করেন তিনি।
ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ হলেও আমি প্রতিটি ম্যাচে ভালো খেলব।’
অবশ্য গ্রেমিওর বিপক্ষে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বলেও স্বীকার করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু মাঠের ফল হয়েছে তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত।
ম্যাচের ১৩তম মিনিটে ফ্রান্সিস আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। এরপর ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অতিথিদের জয় নিশ্চিত করেন মার্টিন ব্রাথওয়েট।
চুলের রং নিয়ে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি গ্রেমিওকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তবে প্রতিপক্ষকে গোলের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে নিজেদের ভুলের কথাও স্বীকার করেছেন সান্তোস অধিনায়ক।
নেইমারের মতে, ম্যাচের বেশির ভাগ সময় নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। তবে গ্রেমিওর জমাট রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেননি তারা। প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলকে দুটি বাস দাঁড় করিয়ে রাখার সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলিয়ান তারকা।
এই হারে আগামী বছরের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়েছে সান্তোস। ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে নেইমারের দল। ষষ্ঠ স্থানে থাকা বাহিয়ার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চার।
অন্যদিকে এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে অবনমন অঞ্চল ছেড়েছে গ্রেমিও।
লিগে আর দুটি ম্যাচ বাকি রয়েছে সান্তোসের। আগামী ২৯ নভেম্বর ভিতোরিয়ার বিপক্ষে খেলার পর ২ ডিসেম্বর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে নেইমাররা।



