নবজাতক মেয়েকে হারানো ফুটবলারের পাশে ১৮ হাজার সমর্থক

ফুটবল কখনো কখনো জয়-পরাজয়ের সীমানা ছাড়িয়ে যায়। শুক্রবার নেদারল্যান্ডসের র্যাট ভেরলেখ স্টেডিয়ামে তেমনই এক আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছেন এনএসি ব্রেদার সমর্থকেরা। নবজাতক মেয়েকে হারানো ফুটবলার ম্যাটস সেউন্টজেন্স ও তার সঙ্গী এলবার পাশে দাঁড়িয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।
ডাচ দ্বিতীয় বিভাগের ম্যাচে ভিভিভি-ভেনলোর কাছে ২-০ গোলে হেরেছিল এনএসি। তবে ম্যাচের ফল নয়, শেষ বাঁশির পর গ্যালারির দৃশ্যই রাতটিকে স্মরণীয় করে রেখেছে।
ম্যাচ শেষ হওয়ার পরও স্টেডিয়াম ছেড়ে যাননি হাজারো সমর্থক। গ্যালারিতে জ্বলে ওঠে অসংখ্য তারাবাতি। সেউন্টজেন্স ও তার সঙ্গীর প্রতি সমর্থন জানিয়ে কয়েক মিনিট ধরে গান গেয়েছেন তারা। উন্মোচন করা হয় একাধিক ব্যানার। এর একটিতে লেখা ছিল, ‘স্বর্গে আরেকটি ছোট্ট তারা যোগ হলো।’
Zoveel meer dan voetbal.. 💛🖤#NACpraat pic.twitter.com/2IaY10Bg4Q
— NAC Breda 💛🖤 (@NACnl) August 14, 2026
এনএসি ব্রেদা কয়েক দিন আগে জানায়, ৩৪ বছর বয়সী সেউন্টজেন্স ও এলবা তাদের নবজাতক মেয়ে সেলিন ইনায়া সেউন্টজেন্স সিলভাকে হারিয়েছেন। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘এই অবর্ণনীয় ক্ষতি প্রকাশের মতো কোনো শব্দ নেই। ম্যাটস ও তার পরিবার একসঙ্গে এই শোক সামলানোর জন্য প্রয়োজনীয় সময় ও নির্জনতা নেবেন। পরিবারের পক্ষ থেকে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
সেই ঘোষণার মাত্র দুদিন পরই মাঠে ফেরেন সেউন্টজেন্স। ম্যাচের ৫৫ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। এই গ্রীষ্মে এফসি গ্রোনিনজেন থেকে শৈশবের ক্লাব এনএসিতে ফেরার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ।
শেষ বাঁশির পর সেউন্টজেন্স ও এলবা যখন মাঠে দাঁড়িয়ে ছিলেন, তখন তাঁদের ঘিরে শুরু হয় সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসার আয়োজন। এনএসির সমর্থকদের সঙ্গে ভিভিভি-ভেনলোর সমর্থক, দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও এতে যোগ দেন। আবেগ ধরে রাখতে পারেননি সেউন্টজেন্স ও তার সঙ্গী।
Mats Seuntjens, jugador del NAC Breda, y su pareja perdieron a su hija recién nacida y este ha sido el homenaje de su afición.
— Offsider (@Offsider_ES) August 15, 2026
Espectacular 🥹💛 pic.twitter.com/MRphA4sLvh
এনএসি ডিফেন্ডার জান ভ্যান ডেন বের্গ বলেন, ‘ম্যাটস ও তার পরিবারের সঙ্গে যা ঘটেছে, তা বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ নেই। শোক সামলানোর সময়ে এই ক্লাব কীভাবে পাশে দাঁড়াতে পারে, সেটি দেখা একই সঙ্গে অসাধারণ সুন্দর এবং ভীষণ বেদনাদায়ক।’
নিজেদের একাডেমি থেকে উঠে আসা সেউন্টজেন্স প্রথম দফায় এনএসির হয়ে ১৩০টি ম্যাচ খেলেছিলেন। ২০১৬ সালে এজেড আলকমারে যোগ দেওয়ার আগে দীর্ঘ সময় ক্লাবটির প্রতিনিধিত্ব করেন তিনি। এক দশক পর ঘরে ফেরার প্রথম ম্যাচেই পেলেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে পুরো ক্লাবের নিঃশর্ত ভালোবাসা।



