logo

আবারও বিতর্কে মার্সিনিয়াক, আলোচনায় পেদ্রির পুরোনো দাবি

আবারও বিতর্কে মার্সিনিয়াক, আলোচনায় পেদ্রির পুরোনো দাবি
বিতর্কিত ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পর আবারও মার্সিনিয়াককে নিয়ে পেদ্রির (ইনসেটে) পুরোনো দাবি আলোচনায় এসেছে। ছবি: কোলাজ

একই বছরে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনার বিরল অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবেও পরিচিত শিমন মার্সিনিয়াক। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পোলিশ এই রেফারির। এবার ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিং লিসবনের ম্যাচে তার একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। নতুন করে আলোচনায় এসেছে মার্সিনিয়াককে নিয়ে বার্সেলোনা তারকা পেদ্রির পুরোনো অভিযোগও।

গত বুধবার (২৫ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিংয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ইংলিশ ক্লাবটির দুটি গোল বাতিল করেন মার্সিনিয়াক। স্পোর্টিংকে দুটি পেনাল্টি দেওয়ার পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ইউনাইটেডের মিডফিল্ডার ইউরি তিলেমান্সকে।

Advertisement

প্রথমার্ধে তিলেমান্সের ফাউলের কারণে আমাদ দিয়ালোর গোলটি বাতিল হয়। বল জালে প্রবেশের আগেই বাঁশি বাজানোয় সেখানে ভিএআর হস্তক্ষেপের সুযোগ ছিল না। দ্বিতীয়ার্ধে স্পোর্টিং গোলরক্ষক কাইকে পেরেইরার আত্মঘাতী গোলটিও ভিএআরের সহায়তায় বাতিল করেন মার্সিনিয়াক।

অথচ ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্সকে ফাউল করার অভিযোগ উঠলেও স্পোর্টিংয়ের দ্বিতীয় গোলটি বহাল রাখেন তিনি। সিদ্ধান্তগুলোর মধ্যে সামঞ্জস্যের অভাব নিয়েই মূলত অসন্তোষ ইউনাইটেড শিবিরে।

এই বিতর্কের পর ব্রিটিশ সংবাদমাধ্যম স্পোর্টবাইবেল সামনে এনেছে ২০২৫ সালের মে মাসে দেওয়া পেদ্রির বক্তব্য।

সেবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরেছিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি।

ম্যাচ শেষে মার্সিনিয়াকের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে পেদ্রি বলেছিলেন, ‘এই রেফারির সঙ্গে এমন ঘটনা আমাদের ক্ষেত্রে প্রথমবার ঘটেনি। উয়েফার বিষয়টি খতিয়ে দেখা উচিত।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রকাশিত সেই বক্তব্যে পেদ্রি অভিযোগ করেছিলেন, সংশয় ছিল এমন প্রতিটি সিদ্ধান্তই গেছে ইন্টারের পক্ষে। লামিনে ইয়ামালকে ফাউলের পর হেনরিখ মখিতারিয়ানকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

মার্সিনিয়াককে নিয়ে বিতর্কের ইতিহাস অবশ্য আরও পুরোনো। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বায়ার্ন মিউনিখের তৎকালীন কোচ টমাস টুখেল। পরের বছর মাদ্রিদ ডার্বিতে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারের গোল বাতিলের ঘটনায়ও আলোচনায় এসেছিলেন এই রেফারি। যদিও তখনকার নিয়ম অনুযায়ী সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলে জানিয়েছিল উয়েফা।

এদিকে স্পোর্টিংয়ের বিপক্ষে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি বাতিলের ব্যাখ্যা দিয়েছে উয়েফা। বৃহস্পতিবার প্রকাশিত ব্যাখ্যায় সংস্থাটি জানিয়েছে, বল জালে প্রবেশের আগেই স্পোর্টিংয়ের গোলরক্ষককে ফাউল করেছিলেন ইউনাইটেডের প্যাট্রিক ডরগু। সে কারণেই ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করা হয়।

তবে মার্সিনিয়াকের সামগ্রিক ম্যাচ পরিচালনা নিয়ে নতুন কোনো তদন্তের ঘোষণা দেয়নি উয়েফা। এবারও নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন, এমন কোনো বক্তব্যও পাওয়া যায়নি পেদ্রির কাছ থেকে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট