logo

ভুয়া কোভিড সনদের কথা স্বীকার, জাতীয় দল থেকে বাইরে জাকা

ভুয়া কোভিড সনদের কথা স্বীকার, জাতীয় দল থেকে বাইরে জাকা
গ্রানিত জাকা। ছবি: গেটি ইমেজ

ভুয়া কোভিড-১৯ টিকা দেওয়ার সনদ সংগ্রহের কথা স্বীকার করে বিপাকে পড়েছেন গ্রানিত জাকা। নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চাওয়ার পর চলতি আন্তর্জাতিক উইন্ডোয় সুইজারল্যান্ড জাতীয় দলের ক্যাম্প থেকেও সরে দাঁড়িয়েছেন অধিনায়ক।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল ফেডারেশন। ফেডারেশন ও জাকা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, নেশন্স লিগের আসন্ন চার ম্যাচে তাকে ছাড়াই খেলবে সুইজারল্যান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জাকা জানান, কোভিড টিকা নিয়ে সে সময় তার ভয় ও সংশয় ছিল। সেই অবস্থায় নির্ধারিত পথে নিজের প্রশ্নের সমাধান না করে একটি টিকাসনদ সংগ্রহ করেছিলেন তিনি।

নিজের সিদ্ধান্তকে ভুল স্বীকার করে জাকা বলেন, ‘এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি, এই পথ সঠিক ছিল না। এটা ভুল ছিল। আমি দুঃখিত।’

ঘটনাটি ২০২২ সালের, তখন আর্সেনালের হয়ে খেলছিলেন জাকা। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে লুসার্নের প্রসিকিউটর অফিস। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। তবে এখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি সুইস অধিনায়ক।

সুইস ফুটবল ফেডারেশনের সভাপতি পিটার নাবেল জানিয়েছেন, জাকা নিজেই বিষয়টি তাদের জানিয়েছেন এবং প্রকাশ্যে দায় নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন। দলের স্বার্থে এই আন্তর্জাতিক উইন্ডোতে তাকে বাইরে রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে ফেডারেশন।

সুইজারল্যান্ড এবার নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের মাঠে খেলবে। এরপর ঘরের মাঠে স্লোভেনিয়া ও আবারও উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে তারা।

এই আন্তর্জাতিক উইন্ডো শেষে জাকার পরিস্থিতি আবার পর্যালোচনা করবে সুইস ফুটবল ফেডারেশন।

৩৩ বছর বয়সী জাকা সুইজারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। ২০১১ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫২ ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।