logo

আর্জেন্টিনাকে বিদায়ের আগে আবেগী ওতামেন্দি

আর্জেন্টিনাকে বিদায়ের আগে আবেগী ওতামেন্দি
নিকোলাস ওতামেন্দি। ছবি: রয়টার্স

আর্জেন্টিনার জার্সিতে কাল বাংলাদেশ বাংলাদেশ সময় ভোর ৫ টায় শেষবার মাঠে নামবেন মেসি। আন্তর্জাতিক মিডিয়ায় সব আলোচনা মেসি কেন্দ্রিক হলেও মেসির সাথে জাতীয় দলকে বিদায় বলছেন আরেক আর্জেন্টাইনও।

মেসির সাথে শেষ অনুশীলনটাও হয়ে গেল নিকোলাস ওতামেন্দিরও। এজেইজার মাঠ ছেড়ে আসার পরই যেন আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে তার কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বার্তায় লিখেছেন, ‘আমার জীবনের বিশাল একটি অধ্যায়ের সমাপ্তি হচ্ছে।’

মঙ্গলবার মনুমেন্টালে বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচেই আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা ওতামেন্দিরও। ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া এই ডিফেন্ডারকে ম্যাচটির জন্য বিশেষভাবে দলে ডাকা হয়েছে।

শেষ অনুশীলনের পর মেসির মতোই পুরো দল, কোচিং স্টাফ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মীদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন ওতামেন্দি। সঙ্গে ফিরে দেখেছেন জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলা।

তিনি লিখেছেন, ‘আজ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমার শেষ অনুশীলন ছিল। দিনটাকে অন্য আর দশটা দিনের মতো কাটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথম মুহূর্ত থেকেই বুঝেছিলাম; কিছুই আর আগের মতো থাকবে না।’

মাঠের দিকে তাকাতেই পুরোনো সব স্মৃতি ফিরে আসার কথাও বলেছেন ওতামেন্দি শুরুর দিন, কঠিন সময়, আনন্দ, কান্না, জয় এবং পরাজয়।

‘প্রতিটি কোণে যেন একটি করে গল্প ছিল, প্রতিটি দৃষ্টিতে ছিল বিদায়ের অনুভূতি। এই রঙের জার্সি পরার অর্থ কতটা গভীর, প্রতিটি মুহূর্ত আমাকে সেটাই মনে করিয়ে দিচ্ছিল।’

জাতীয় দলের হয়ে খেলাকে জীবনের অন্যতম বড় সম্মান বলেও উল্লেখ করেছেন তিনি। সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘আর্জেন্টিনা, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি গান, প্রতিটি পতাকার জন্য ধন্যবাদ। ভালো সময়ে পাশে থাকার জন্য, আর যখন কিছু আমাদের মতো হয়নি, তখনও ধরে রাখার জন্য ধন্যবাদ।’

নিজের বিদায়ের মধ্যেও অবশ্য মঙ্গলবারের দিনটিকে মেসির জন্যই রেখে দিয়েছেন ওতামেন্দি। আর্জেন্টিনা অধিনায়ককে উদ্দেশ করে তার বার্তা, ‘আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ সেটি হবে সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা ছিল আমার জন্য সম্মানের, ছোট্ট মানুষ।’

শেষটাও ছিল বিদায়ের ভাষাতেই ‘বিদায়, জাতীয় দল। সবকিছুর জন্য ধন্যবাদ।’