logo

শিরোপা জিতেছে ভেবে মাঠে উৎসব, পরে জানা গেল চ্যাম্পিয়ন অন্য দল!

শিরোপা জিতেছে ভেবে মাঠে উৎসব, পরে জানা গেল চ্যাম্পিয়ন অন্য দল!
অন্য ম্যাচের ফল জানার পর ভেঙে পড়েন রোজারিওর সমর্থকরা। ছবি: এল নাসিওন

ম্যাচ শেষ, গ্যালারিতে উল্লাস, সমর্থকদের মাঠে নেমে উৎসব। সবকিছুই যেন বলে দিচ্ছিল, শিরোপা জিতে গেছে আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রাল। খেলোয়াড়দের কেউ কেউ গ্যালারির বেড়া বেয়ে উঠে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে মেতেছেন। কিন্তু কয়েক মিনিট পরই বদলে যায় পুরো দৃশ্য। আনন্দে ভাসতে থাকা আর্জেন্টাইন ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকেরা জানতে পারেন, তারা নন, চ্যাম্পিয়ন হয়েছে বোকা জুনিয়র্স। শেষ মুহূর্তের এক গোলে শিরোপা হাতছাড়া হলেও ভুল তথ্যের কারণে উৎসব শুরু করে দিয়েছিলেন রোসারিওর সমর্থকেরা।

শনিবার (৭ নভেম্বর) আর্জেন্টিনার লিগ মৌসুমের শেষ দিনে ঘটে এমন অবিশ্বাস্য ঘটনা। নিজেদের মাঠে এস্তুদিয়ানেস দে রিও কুয়ার্তোকে ২-০ গোলে হারায় রোসারিও সেন্ট্রাল। তবে আর্জেন্টিনার বার্ষিক পয়েন্ট তালিকার শিরোপা জিততে শুধু নিজেদের ম্যাচে জয় পেলেই চলত না। বোকা জুনিয়র্সকেও পয়েন্ট হারাতে হতো।

সেই সমীকরণও প্রায় মিলে গিয়েছিল। বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দেফেনসা ই হুস্তিসিয়ার বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ছিল বোকা। অন্যদিকে রোসারিও সেন্ট্রাল নিজেদের ম্যাচে জিতে তখন শিরোপার একেবারে কাছাকাছি।

রোসারিওর ঘরের মাঠ গিগান্তে দে আরোয়িতোতে তাই উত্তেজনা ছিল তুঙ্গে। ৪৪ মিনিটে হুলিয়ান ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৮৬ মিনিটে এমানুয়েল করোনেল ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোসারিও।

কিন্তু তখনো শেষ হয়নি বোকা জুনিয়র্সের ম্যাচ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দেফেনসার রক্ষণে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইকুয়েডরের অভিজ্ঞ ফরোয়ার্ড এনর ভ্যালেন্সিয়া। তার সেই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বোকা।

অথচ বোকা গোল করার পরও রোসারিওর মাঠে শুরু হয় শিরোপা জয়ের উৎসব। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভ্যালেন্সিয়ার গোলটি বাতিল হয়েছে কিংবা দেফেনসা সমতা ফিরিয়েছে, এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ে গ্যালারিতে। একপর্যায়ে অনেকেই ধরে নেন, বোকা ম্যাচ জিততে পারেনি।

সেই খবরের সত্যতা যাচাই হওয়ার আগেই আনন্দে ফেটে পড়েন রোসারিওর সমর্থকেরা। গ্যালারি থেকে মাঠে নেমে আসেন অনেকে। কেউ পতাকা নিয়ে ছুটছেন, কেউ খেলোয়াড়দের জড়িয়ে ধরছেন। ফুটবলারদের কয়েকজন আবার গ্যালারির বেড়া বেয়ে উঠে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন শুরু করেন।

স্টেডিয়ামজুড়ে তখন চ্যাম্পিয়ন হওয়ার স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায়, খেলোয়াড় ও সমর্থকেরা পরস্পরকে অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উল্লাস করছিলেন।

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়, বোকা জুনিয়র্সের গোলটি বাতিল হয়নি। দেফেনসাও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলেই জিতেছে বোকা।

এতেই পুরো শিরোপা সমীকরণ বদলে যায়। বার্ষিক পয়েন্ট তালিকায় ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বোকা জুনিয়র্স। অন্যদিকে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রোসারিও সেন্ট্রাল। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয় তাদের।

ভুল খবরের সত্যতা জানার পর মুহূর্তেই বদলে যায় স্টেডিয়ামের পরিবেশ। কিছুক্ষণ আগেও যাঁরা আনন্দে মাতছিলেন, তাদের অনেকেই হতাশায় ভেঙে পড়েন। খেলোয়াড়দের মুখেও স্পষ্ট হয়ে ওঠে শিরোপা হারানোর কষ্ট।

ম্যাচ শেষে ভুল উদ্‌যাপনের বিষয়টি স্বীকার করেন রোসারিও সেন্ট্রালের কোচ হোর্হে আলমিরন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিভ্রান্ত হয়েছিলাম। সমর্থকদের আবেগে ভেসে গিয়ে আগেভাগেই উদ্‌যাপন শুরু করেছিলাম।’

দলের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো রুবেনও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষায়, খুব অল্প সময়ের মধ্যে ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের উচ্ছ্বাসের মধ্যে পরিস্থিতি বুঝে ওঠা কঠিন হয়ে যায়। শিরোপা জয়ের একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে তাদের।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়ার ক্লাব রোসারিও সেন্ট্রাল। তবে চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি তিনি। স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের ম্যাচ ও শিরোপার লড়াই পর্যবেক্ষণ করেন এই অভিজ্ঞ ফুটবলার। সতীর্থদের এমন পরিণতি দেখতে হয়েছে তাকেও।

রোসারিওর জন্য আক্ষেপটা আরও বড়, কারণ গত বছরও আর্জেন্টিনার বার্ষিক পয়েন্ট তালিকার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ মুহূর্তে বোকা জুনিয়র্সের গোল সব হিসাব পাল্টে দেয়।

অন্যদিকে বোকা জুনিয়র্সের জন্য এটি স্মরণীয় এক অর্জন। প্রায় চার বছর পর শিরোপা জিতল আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাবটি। শেষ চার ম্যাচেই জয় তুলে নিয়ে বার্ষিক পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে তারা। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের বিপক্ষেও ১-০ গোলের জয় রয়েছে।

তবে এই শিরোপা আর্জেন্টিনার ক্লাউসুরা প্লে-অফের শিরোপা নয়। বছরের দুই পর্বের সম্মিলিত পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার স্বীকৃতি হিসেবে বার্ষিক লিগ চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে বোকা জুনিয়র্স। ক্লাউসুরার নকআউট পর্বের লড়াই এখনো বাকি।

ফুটবলে শেষ মুহূর্তের গোল শিরোপার ভাগ্য বদলে দেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু শিরোপা জিতেছে ভেবে খেলোয়াড় ও সমর্থকদের মাঠে উৎসব শুরু করা, এরপর জানতে পারা যে চ্যাম্পিয়ন হয়েছে অন্য দল, এমন দৃশ্য বিরল।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট