logo
Advertisement

হামজার দিকে হাত বাড়াল চ্যাম্পিয়নশিপের ক্লাব

এশিয়া পোস্ট স্পোর্টস
হামজার দিকে হাত বাড়াল চ্যাম্পিয়নশিপের ক্লাব
লেস্টারের জার্সিতে হামজা চৌধুরী। ছবি: গেটি ইমেজ

লেস্টার সিটিতে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দলবদল প্রতিবেদক মাইক ম্যাকগ্রা জানিয়েছেন, লেস্টারের কাছ থেকে হামজাকে কিনতে পদক্ষেপ নিয়েছে ডার্বি। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম হওয়া দলটি এবার নিজেদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে চায়।

তবে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব বিনিময় হয়েছে কি না, তা পরিষ্কার নয়। সম্ভাব্য দলবদলের মূল্য কিংবা হামজাকে স্থায়ীভাবে নেওয়া হবে, নাকি ধারে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

লেস্টারের সঙ্গে ২৮ বছর বয়সী হামজার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন তিনি। এই অবস্থায় তাকে বিক্রি করে দলবদলের অর্থ পাওয়ার এটিই লেস্টারের শেষ বড় সুযোগ হতে পারে।

লেস্টার বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে। অন্যদিকে ডার্বি রয়েছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। ফলে এই দলবদল সম্পন্ন হলে এক ধাপ ওপরের প্রতিযোগিতায় ফিরবেন বাংলাদেশের তারকা।

রক্ষণাত্মক মিডফিল্ডের পাশাপাশি ডান পাশের রক্ষণেও খেলতে পারেন হামজা। তার এই বহুমুখী সামর্থ্যই ডার্বির আগ্রহের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা হামজা ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা পান। এর মধ্যে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছেন। সর্বশেষ ধারের মেয়াদ শেষে লেস্টারে ফিরে গত মৌসুম কাটান তিনি।

এখন পর্যন্ত হামজা কিংবা লেস্টার ও ডার্বির পক্ষ থেকে সম্ভাব্য দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে আলোচনা চুক্তিতে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

হামজার দিকে হাত বাড়াল চ্যাম্পিয়নশিপের ক্লাব