logo

ভাঙা আঙুল নিয়েই অ্যাস্টন ভিলাকে ট্রফি জেতালেন এমি মার্তিনেজ

ভাঙা আঙুল নিয়েই অ্যাস্টন ভিলাকে ট্রফি জেতালেন এমি মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

ফাইনালের আগে ওয়ার্মআপে আঙুল ভেঙেছিল অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। চোটটা এতটাই অস্বস্তিকর ছিল যে ম্যাচ শুরুর আগে তাকে ফিজিওর পরীক্ষা করতে হয়। কিন্তু সেই ভাঙা আঙুল নিয়েই পুরো ম্যাচ খেললেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাকে এনে দিলেন ৪৪ বছর পর ইউরোপিয়ান শিরোপা।

বুধবার ইস্তাম্বুলে ইউরোপা লিগ ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ইউরি তিয়েলেমানস, এমি বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে বড় জয় পায় উনাই এমেরির দল। ৩০ বছর পর কোনো বড় শিরোপা জিতল ভিলা।

ম্যাচে মার্তিনেজকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তবু দুইটি সেভ করেছেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচ শেষে নিজের চোটের কথা জানান তিনি।

মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্মআপে আমার আঙুল ভেঙেছে। আমার কাছে প্রতিটি খারাপ জিনিসই ভালো কিছু নিয়ে আসে। পুরো জীবন আমি এভাবেই করেছি, সামনেও করব।’

ভাঙা আঙুল নিয়ে খেলতে কোনো ভয় ছিল কি না, এমন প্রশ্নে মার্তিনেজ বলেন, ‘চিন্তিত হওয়া উচিত? আগে কখনো আমার আঙুল ভাঙেনি। প্রতিবার বল ধরার সময় সেটি অন্যদিকে চলে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই যেতে হয়। অ্যাস্টন ভিলার হয়ে গোলপোস্ট সামলাতে পেরে আমি গর্বিত।’

চোট অবশ্য তার উদ্‌যাপনে কোনো বাধা হতে পারেনি। ম্যাচ শেষে ভিলা সমর্থকদের মাঝে ঝাঁপ দেন মার্তিনেজ। এরপর কোচ উনাই এমেরিকেও কাঁধে তুলে উদ্‌যাপন করেন।

আর্জেন্টিনার জন্য এখন বড় প্রশ্ন, মার্তিনেজের চোট কতটা গুরুতর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দল ঘোষণার কথা। এর আগে দলের প্রধান গোলরক্ষকের আঙুলের চোট তাই নজরে থাকবে।

মার্তিনেজের ক্যারিয়ারে ফাইনাল মানেই যেন শিরোপা। এ পর্যন্ত খেলা প্রতিটি ফাইনালেই জিতেছেন তিনি। এ তালিকায় আছে এফএ কাপ, বিশ্বকাপ, দুইটি কোপা আমেরিকা এবং এবার ইউরোপা লিগ।